ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » মেসির শেষ ম্যাচে ৫ স্টেডিয়ামও ভরে যেতো: স্কালোনি

মেসির শেষ ম্যাচে ৫ স্টেডিয়ামও ভরে যেতো: স্কালোনি

স্পোর্টস ডেস্ক:

আর মাত্র দুই দিন। এরপরই আনুষ্ঠানিকভাবে অবসান ঘটতে যাচ্ছে ফুটবলের এক মহাকাব্যিক অধ্যায়ের। আলবিসেলেস্তেদের নীল-সাদা জার্সিতে নিজের ক্যারিয়ারের শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। ঐতিহাসিক এই বিদায়ী ম্যাচের টিকিট ছাড়ার মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই তা শেষ হয়ে যায়। তবে বিশ্বজয়ী আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির মতে, ভক্তদের এমন বাঁধভাঙা উন্মাদনা ও ভালোবাসাই তো স্বাভাবিক।

মেসির শেষ ম্যাচের তীব্র টিকিটের চাহিদা ও বিদায়ী আবহাওয়া নিয়ে কথা বলতে গিয়ে স্কালোনি বলেন, “আমাদের যদি পাঁচটি ‘মনুমেন্তাল’ স্টেডিয়ামও থাকত, তবে সবগুলোই দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে যেত। দেশের প্রতিটি কোণ থেকে মানুষ আমাকে মেসেজ পাঠাচ্ছে। আমার মনে হয়, মেসির বিদায় নিয়ে নতুন করে আর বলার কিছু নেই, যা বলার বলা হয়ে গেছে। এখন কেবল মুহূর্তটি উপভোগ করার পালা। যে নস্টালজিয়া নিয়ে আমরা সবসময় কথা বলি যখন সে স্কোয়াডে থাকে না, এবার তা চিরস্থায়ী হতে চলেছে; কারণ এরপর সে আর সত্যি সত্যিই জাতীয় দলে থাকবে না।”

বিদায়ী ম্যাচটির আবেগঘন পরিবেশের অংশ হতে পেরে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করে স্কালোনি আরও যোগ করেন, “আমি সমর্থকদের উত্তেজনা যেমন বুঝতে পারছি, তেমনি মেসির হৃদয়ের রোমাঞ্চটাও অনুভব করছি। ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে পা রাখার মুহূর্তটি থেকেই আজকের এই দিনটি প্রতিটি ফুটবলপ্রেমীর জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে। এই রূপকথার অংশ হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। বিদায়ের আগে ওর সাথে আমাদের আর মাত্র দুটি অনুশীলন সেশন বাকি আছে। এই অল্প সময়টুকু আমরা পুরোপুরি উপভোগ করতে চাই।”

আন্তর্জাতিক ফুটবলে মেসির সুদূরপ্রসারী প্রভাব ও রেখে যাওয়া পদচ্ছাপ নিয়ে আবেগপ্লুত কণ্ঠে স্কালোনি বলেন, “দলের হয়ে সবসময় নিজের সর্বস্ব উজোড় করে দেওয়ার তীব্র ইচ্ছাই মেসির আসল লেগ্যাসি। অনুশীলনে সে সবার আগে আসত এবং সবার পরে মাঠ ছাড়ত। নিজেকে ফিট রাখা ও প্রতিটি ম্যাচের জন্য সুনির্দিষ্টভাবে প্রস্তুত হওয়ার যে মানসিকতা, তা বাইরে থেকে ভক্তরা হয়তো পুরোপুরি দেখতে পায় না, কিন্তু সতীর্থরা খুব কাছে থেকে দেখেছে। তরুণদের জন্য এর চেয়ে বড় আদর্শ ও উদাহরণ আর কিছু হতে পারে না। সে যা রেখে যাচ্ছে, তা এককথায় অনন্য ও অতুলনীয়।”

ভবিষ্যতের আর্জেন্টিনার পরিকল্পনা টেনে স্কালোনি শেষ কথাটি বললেন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েই, “বিশ্বকাপ ও ফুটবল চলতে থাকবে, আর্জেন্টিনাও নতুনভাবে মাঠে নামবে। কিন্তু মাঠে মেসিকে কাছে পাওয়ার এবং তাঁর নেতৃত্ব প্রত্যক্ষ করার যে অনন্য অনুভূতি—তা সত্যি অভাবনীয়। মাঠে নামলে সে যে ইতিবাচক শক্তি সবার মাঝে ছড়িয়ে দিত, তা অন্য কারো মধ্যে আমি দেখিনি। আর এটাই আমরা সবচেয়ে বেশি মিস করব।”

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে