ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৯ মে, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৯ মে, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » মুন্সীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর নদী থেকে তরুণীর মরদেহ উদ্ধার 

মুন্সীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর নদী থেকে তরুণীর মরদেহ উদ্ধার 

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় নিখোঁজের তিন দিন পর হালিমা আক্তার (১৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার (২৯ মে) সকাল ১০টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রাম সংলগ্ন নদী থেকে গলায় সালোয়ার বাঁধা অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হালিমা গজারিয়ার জামালদী এলাকার বাসিন্দা। গত ২৬ মে থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার বড় ভাটেরচর এলাকায় নদীর তীরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে নদীপাড়ে উৎসুক জনতার ভিড় জমে। পরবর্তীতে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে সকাল ১০টার দিকে মরদেহটি নদী থেকে উদ্ধার করে। উদ্ধারের সময় তরুণীর পরনে কামিজ ছিল এবং তার গলায় একটি সাদা রঙের সালোয়ার শক্ত করে বাঁধা ছিল।

স্থানীয় বাসিন্দা কাউসার হোসেন জানান, “সকালে নদীতে মরদেহটি ভাসতে দেখে কেউ চিনতে পারছিল না। মেয়েটির গলায় সাদা সালোয়ার জড়ানো ছিল। প্রাথমিকভাবে আমাদের ধারণা, তাকে অন্য কোথাও শ্বাসরোধ করে হত্যা করার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে, যা জোয়ারের টানে এখানে ভেসে এসেছে।”

নদী থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধারের খবর এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তা দেখে নিহতের পরিবারের সদস্যরা গজারিয়া নৌ পুলিশ ফাঁড়িতে আসেন এবং মরদেহটি নিখোঁজ হালিমার বলে শনাক্ত করেন।

নিহতের বড় বোন বৃষ্টি জানান, গত ২৬ মে বিকেলে হালিমা জামালদীতে বাবার বাড়ি থেকে তার (বোনের) বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু তিনি সেখানে পৌঁছাননি। এরপর হালিমার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। সবশেষ নিখোঁজের তিন দিন পর আজ তার মরদেহ উদ্ধার হলো।

এ বিষয়ে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি শরজিৎ কুমার ঘোষ বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন:

“খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

তিনি আরও জানান, প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পেছনে কী রহস্য রয়েছে এবং কারা এর সাথে জড়িত, তা উদঘাটনে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ আরও স্পষ্টভাবে জানা যাবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে