মালয়েশিয়ায় কর্মরত প্রায় ১০০ জন বাংলাদেশি শ্রমিকের দীর্ঘদিনের সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনের সময়োচিত হস্তক্ষেপের ফলে সেলাঙ্গর রাজ্যের ক্ল্যাংয়ে অবস্থিত অ্যারোফোম ম্যানুফ্যাকচারিং কোম্পানি শ্রমিকদের বিভিন্ন অভিযোগ দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে।
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ক্ল্যাংয়ে বকেয়া বেতনের দাবিতে অ্যারোফোম ম্যানুফ্যাকচারিং কোম্পানির শ্রমিকদের বিক্ষোভ।
গত সোমবার (৮ জুন) বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গে একটি জরুরি বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে হাইকমিশনের এক মুখপাত্র জানান, আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং কোম্পানি শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন সমস্যার সমাধানে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছে।
হাইকমিশনকে দেওয়া এক লিখিত অঙ্গীকারনামায় অ্যারোফোম কর্তৃপক্ষ জানায়, বকেয়া বেতন পরিশোধের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহে তাদের প্রায় ছয় সপ্তাহ সময় লাগবে। একটি সম্পত্তি বিক্রির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সেখান থেকে প্রাপ্ত অর্থ শ্রমিকদের সকল পাওনা পরিশোধে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।
তবে বেতন সংক্রান্ত বিষয় ছাড়াও অন্যান্য সমস্যার তাৎক্ষণিক সমাধানের পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে শ্রমিকদের জিম্মি করে রাখা পাসপোর্ট ফেরত দেওয়া, আবাসন সুবিধার উন্নয়ন, চিকিৎসা ও পরিবহন সেবা বৃদ্ধি এবং বেতন থেকে আমানত কর্তনের প্রথা বাতিলের উদ্যোগ রয়েছে। এছাড়া ভবিষ্যতে প্রতিটি কর্মীকে বিস্তারিত তথ্যসহ মাসিক পে-স্লিপ দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানি।
শ্রমিক নিয়োগের সময় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগের বিষয়ে অ্যারোফোম কর্তৃপক্ষ দাবি করেছে, এ অর্থ বাংলাদেশের তৃতীয় পক্ষের রিক্রুটিং এজেন্টদের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে এবং এ বিষয়ে কোম্পানির কোনো সম্পৃক্ততা নেই। তবে শ্রমিকদের স্বার্থে বিষয়টি নিয়ে পরবর্তীতে আলোচনা করতে তারা আগ্রহ প্রকাশ করেছে।
কোম্পানিটি আরও জানিয়েছে, কর্মক্ষেত্রে জোরপূর্বক শ্রম, মানসিক হয়রানি কিংবা যেকোনো ধরনের অবমাননাকর আচরণ রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি ও কার্যকর যোগাযোগ নিশ্চিত করতে ইতোমধ্যে একজন নির্দিষ্ট কর্মকর্তাও নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে তারা বিষয়টির ওপর নিবিড় নজর রাখবে এবং প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন পর্যবেক্ষণ করবে।
