সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৮৯ রানের জয়ের পর দ্বিতীয় ম্যাচেও মালয়েশিয়াকে ৭৪ বল ও ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। এই জয়ে সফরকারীদের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করলো আয়োজকরা।
মিরপুর শের-এ-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১০৫ রান সংগ্রহ করে মালয়েশিয়া। দলের পক্ষে অধিনায়ক সৈয়দ আজিজ ৫২ বলে ৪০ এবং আহমেদ আকিল ওয়াহিদ ৩৩ বলে ৩০ রান করেন। বাংলাদেশ এইচপির হয়ে পেসার আবু হায়দার রনি ২টি, এবং মোহাম্মদ রুবেল ও রাকিবুল ইসলাম ১টি করে উইকেট নেন।
১০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জিসান আলমের তাণ্ডবে মাত্র ৭.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ এইচপি। ইনিংসের প্রথম বলেই ছক্কা হাঁকানো জিসান ১৮ বলে ফিফটি পূরণ করে ২১ বলে ৭টি ছক্কায় ৫৭ রানে অপরাজিত থাকেন। এছাড়া জাওয়াদ আবরার ৮ বলে ২৩ রান করেন। সফরকারী মালয়েশিয়ার হয়ে আরিফউল্লাহ ২টি ও প্রশান্ত মাধু ১টি উইকেট নেন।
