মাগুরা প্রতিনিধি
মাগুরার শালিখা উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে কাশেম (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটে উপজেলার পোড়াগাছি এলাকায়। আটক কাশেম স্থানীয় একটি তেল মিলে শ্রমিক হিসেবে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার শিশুটিকে যৌন নির্যাতনের চেষ্টার ঘটনা ঘটলে স্থানীয় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিস্তারিত জানান। খবর পেয়ে শালিখা থানার উপপরিদর্শক (এসআই) ইকরামুল হুদার নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে প্রাথমিক অনুসন্ধানের পর অভিযুক্ত কাশেমকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
স্থানীয়রা জানান, যে মিলে কাশেম কাজ করেন, সেখানে নারকেল তেল উৎপাদিত হয়। মিলের নারকেলের খোল নেওয়ার জন্য প্রায়শই এলাকার শিশুরা সেখানে যাতায়াত করে। মঙ্গলবার ভুক্তভোগী শিশুটিও খোল সংগ্রহ করতে মিলে গেলে তাকে একা পেয়ে কাশেম যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ ওঠে।
এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বুধবার সকালে মাগুরার আদালতে প্রেরণ করা হয়েছে।
