ঢাকা
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ভুল বার্তা, ভোগান্তিতে সিলেট রেলের যাত্রীরা

ভুল বার্তা, ভোগান্তিতে সিলেট রেলের যাত্রীরা

নবপ্রকাশ ডেস্ক:

বাংলাদেশ রেলওয়ের ভুল মোবাইল বার্তার (এসএমএস) বলি হয়ে সিলেট থেকে চট্টগ্রামগামী ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের যাত্রা নিয়ে চরম ভোগান্তি ও হয়রানির শিকার হয়েছেন শতাধিক ট্রেনযাত্রী। নির্ধারিত রাত ১০টার পরিবর্তে এক ঘণ্টা দেরিতে রাত ১১টায় ট্রেন ছাড়বে— এমন ভুল বিভ্রান্তিকর বার্তা পেয়ে স্টেশনে দেরিতে পৌঁছান তারা। তবে সময়সূচি পরবর্তীতে স্বাভাবিক হয়ে যাওয়ায় নির্ধারিত সময় রাত ১০টাতেই ট্রেনটি সিলেট ছেড়ে গেলে প্ল্যাটফর্মে আটকে পড়েন যাত্রীরা।

শনিবার (৩ অক্টোবর) রাতে সিলেট জংশন স্টেশনে এই নজিরবিহীন ঘটনাটি ঘটে।

ঘটনার বিবরণে জানা যায়, শনিবার রাতে যাত্রীদের মুঠোফোনে অনলাইনের মাধ্যমে বার্তা পাঠিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ আগাম জানায়, সিলেট স্টেশন থেকে রাত ১০টার নির্ধারিত উদয়ন এক্সপ্রেস (৭২৪) এক ঘণ্টা বিলম্বে রাত ১১টায় চট্টগ্রামের উদ্দেশে ছাড়বে। কর্তৃপক্ষের সেই অফিসিয়াল বার্তার ওপর ভিত্তি করে অনেক যাত্রী রাত ১১টার আগে স্টেশনে পৌঁছানোর প্রস্তুতি নেন। তবে বাস্তবে সময়সূচি ঠিক হয়ে গেলে উদয়ন এক্সপ্রেস রাত ১০টাতেই সিলেট স্টেশন ছেড়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়।

ফলে নির্ধারিত সময় ধরে আসা শতাধিক যাত্রী সিলেটে আটকা পড়েন। পরবর্তীতে নিজেদের ভুল বুঝতে পেরে চরম বিপাকে পড়া এসব যাত্রীদের সিলেট থেকে ঢাকা অভিমুখী ‘উপবন এক্সপ্রেস’ (৭৪০) ট্রেনে তুলে কুলাউড়ায় নিয়ে যাওয়া হয়। অন্যদিকে সিলেটে ট্রেন মিস করা যাত্রীদের তুলে দিতে ‘উদয়ন এক্সপ্রেস’কে কুলাউড়া জংশন স্টেশনে দীর্ঘ প্রায় দুই ঘণ্টা বসিয়ে রাখা হয়।

রাত ১১টা ১৪ মিনিটে উদয়ন এক্সপ্রেস কুলাউড়া পৌঁছানোর পর আটকে পড়া যাত্রীবাহী উপবন এক্সপ্রেস আসা পর্যন্ত সেখানে অপেক্ষমাণ ছিল। পরে রাত সোয়া ১টার দিকে সিলেট থেকে আগত যাত্রীদের উদয়ন এক্সপ্রেসে স্থানান্তর করা হলে ট্রেনটি পুনর্যাত্রায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। এই দীর্ঘ বিলম্বের কারণে কুলাউড়া স্টেশনে অপেক্ষমাণ নিয়মিত যাত্রীদের মাঝে তীব্র ক্ষোভ ও চরম অসন্তোষ ছড়ায়।

ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ভুক্তভোগী যাত্রী মিনহাজ আহমদ বলেন, “রেলওয়ে নিজেরা ভুল বার্তা পাঠিয়ে আমাদের হয়রানির মুখে ফেলল। মধ্যরাতে অন্য ট্রেনে চেপে এসে কুলাউড়ায় গিয়ে উদয়ন ধরতে হচ্ছে। কর্তৃপক্ষের এমন দায়িত্বহীনতার দায় কে নেবে?”

সামাজিক যোগাযোগমাধ্যমে মাসুম বিল্লাহ নামে অপর এক ভুক্তভোগী লিখেছেন, একদিন আগেই তাঁকে এসএমএস দিয়ে জানানো হয়েছিল শনিবার ট্রেন ১১টায় ছাড়বে। সে অনুযায়ী রাত সাড়ে ৯টায় স্টেশনে পৌঁছানোর আগেই দেখেন রাত ১০টায় ট্রেন স্টেশন ছেড়ে চলে গেছে।

ভোগান্তির কারণ ব্যাখ্যা করে কুলাউড়া জংশন রেলওয়ে স্টেশনমাস্টার রোমান আহমদ জানান, গত শুক্রবার লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় ‘পাহাড়িকা এক্সপ্রেস’ প্রায় তিন ঘণ্টা আটকে থাকায় পুরো ট্রেন শিডিউলে বিলম্ব তৈরি হয়। সেই কারণে আগাম সতর্কতামূলক মেসেজ পাঠানো হয়েছিল। তবে পরে গতি স্বাভাবিক হলে ট্রেনটি ঠিক সময়ে ছেড়ে যায়।

তিনি আরও যোগ করেন, যাত্রীদের সাময়িক দুর্ভোগ লাঘবে সিলেটে আটকে পড়া যাত্রীদের উপবন এক্সপ্রেসে কুলাউড়ায় এনে উদয়ন এক্সপ্রেসে তুলে দেওয়া হয়। আর সেজন্যই কুলাউড়া স্টেশনে প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল ট্রেনটিকে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে