বুদাপেস্টে প্রীতি ম্যাচে হাঙ্গেরিয়ান ক্লাব ফেরেন্সভারোসকে ২-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। স্বাগতিকদের একের পর এক আক্রমণের পরও শেষ দিকে গোলরক্ষক আন্দ্রেই লুনিনের দৃঢ়তায় জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা।
গ্রুপামা অ্যারেনায় প্রথমার্ধের বিরতির ঠিক আগে প্রথম লিড নেয় রিয়াল। ম্যাচের ৪১তম মিনিটে ১৯ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড মারিও রিভাস দারুণ এক নিখুঁত ফিনিশিংয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন সফরকারীরা। ৪৯তম মিনিটে রিয়ালের হয়ে বল জালে জড়ান কার্লোস এস্পি।তবে ৫৭তম মিনিটে ম্যাচে লড়াইয়ের আমেজ ফিরিয়ে আনে ফেরেন্সভারোস। ডান দিক থেকে বাড়ানো দারুণ এক ক্রসে পা ছুঁইয়ে ব্যবধান ২-১ করেন কেনান কোর্দো। এরপর ম্যাচে সমতা ফেরানোর একাধিক সুবর্ণ সুযোগ তৈরি করেছিল স্বাগতিকরা। কিন্তু পোস্টের নিচে রিয়ালের ইউক্রেনীয় গোলরক্ষক আন্দ্রেই লুনিন প্রাচীর হয়ে দাঁড়ানোয় আর কোনো গোল হজম করতে হয়নি রিয়ালকে।সপ্তাহের মাঝামাঝি সময়ে রিয়ালের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকে বিরতির পর বদলি হিসেবে মাঠে নামানো হয়। কোচ হোসে মরিনহোর দ্বিতীয় মেয়াদে ডাগআউটে ফেরার পর সব মিলিয়ে এখন পর্যন্ত তিনটি জয় ও একটি ড্র নিয়ে অপরাজিত রইল মাদ্রিদের ঐতিহ্যবাহী ক্লাবটি।
