নিজস্ব প্রতিবেদক,ঢাকা: বুড়িগঙ্গা-তুরাগ বাঁচাতে না পারলে ঢাকা শহরকে বাঁচানো সম্ভব নয়: মির্জা ফখরুল
কথা বলছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভিডিও থেকে নেওয়া
বুড়িগঙ্গা ও তুরাগ নদী বাঁচাতে না পারলে ঢাকা শহরকে বাঁচানো সম্ভব নয় বলে সতর্ক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার (১৫ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশন ভবনে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন।
এসময় নদী দুটি দখলমুক্ত করে সংস্কারের বিষয়ে ইতোমধ্যেই প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা আমার আপনার সকলের দায়িত্ব’ শীর্ষক ওই সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ঢাকাকে বাসযোগ্য করার ওপর সর্বোচ্চ জোর দেন স্থানীয় সরকার মন্ত্রী।
তিনি রাজনৈতিক মতবিরোধের বাইরে গিয়ে কেবল নাগরিক হিসেবে ঢাকাকে সুন্দরভাবে গড়ে তোলার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, অর্থনীতির মূল কেন্দ্র ঢাকার সমস্যাগুলো দীর্ঘদিনের পুঞ্জিভূত। নগর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় সিটি করপোরেশনগুলোকে আরও কার্যকর করতে, এগুলোকে ‘নগর সরকার’ বা সিটি গভর্নমেন্টে রূপান্তর করার চিন্তাভাবনা চলছে।
এছাড়া রাজধানীর যানজট নিরসন প্রসঙ্গে মন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর মাধ্যমে ট্রাফিক জরিমানার ব্যবস্থা চালু হওয়ায় চালকদের মাঝে কিছুটা হলেও শৃঙ্খলা ফিরতে শুরু করেছে।
