ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ‘বন্দে মাতরম’ অবমাননাও ফৌজদারি অপরাধ, ভারতে বিল পাস

‘বন্দে মাতরম’ অবমাননাও ফৌজদারি অপরাধ, ভারতে বিল পাস

জাতীয় গান ‘বন্দে মাতরম’ অবমাননার বিরুদ্ধে কঠোর আইন আনছে ভারত। বুধবার (২৯ জুলাই) দেশটির সংসদীয় উচ্চকক্ষ রাজ্যসভায় এ সংক্রান্ত নতুন একটি বিল পাস হয়েছে।

নতুন এই আইনের মধ্যেমে ভারতের জাতীয় গান বা রাষ্ট্রগীত ‘বন্দে মাতরম’-কে দেশটির জাতীয় সংগীত ‘জনগণমন’-এর সমান আইনি সুরক্ষা দেওয়া হচ্ছে। এই আইনের আওতায় ‘বন্দে মাতরম’-কে অবমাননা করা সরাসরি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে।

আইনটি কার্যকর হলে জাতীয় পতাকা, সংবিধান, জাতীয় সংগীত এবং জাতীয় প্রতীকগুলোর পাশাপাশি ‘বন্দে মাতরম’-কে অবমাননার জন্যও সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও জরিমানার বিধান রাখা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনের তথ্যানুযায়ী, বুধবার রাজ্যসভায় ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ শীর্ষক এই বিলটি বিরোধীদের হইচই ও হট্টগোলের মধ্যেই কন্ঠভোটে পাস হয়।

প্রতিবেদনে বলা হয়, বিলটি আলোচনা ও পাসের জন্য উত্থাপন করা হলে বিরোধী দলগুলো স্লোগান দিতে থাকে। তারা নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে রাজধানীতে আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য দাবি করছিল।

বিক্ষোভের মধ্যেই স্পিকার অধিবেশন চালিয়ে যান এবং সদস্যদের আলোচনায় অংশ নেয়ার আহ্বান জানান। পরে কেন্দ্রীয় সমাজকল্যাণ ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে বিলের ওপর বক্তব্য দেয়ার সময় বিরোধী দলগুলো ওয়াকআউট করে।

বিরোধীদের হট্টগোলের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, “কংগ্রেস তোষণ রাজনীতির আশ্রয় নিয়ে দেশের মর্যাদা এবং জাতীয় গীতকে অবমাননা করার চেষ্টা করছে। দেশের স্বাধীনতা সংগ্রামে বহু বীর শহীদ শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় ‘বন্দে মাতরম’ উচ্চারণ করেছিলেন। কংগ্রেসের এই বিরোধিতা কেন, তা দেশের যুবসমাজ দেখছে এবং জনগণ তাদের উপযুক্ত শিক্ষা দেবে।”

তিনি আরো যোগ করেন, ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে এই গীতের মর্যাদা রক্ষা করা অপরিহার্য।

এর আগে গত ২৪ জুলাই রাজ্যসভায় বিলটি উত্থাপন করা হয়। ‘বন্দে মাতরম’ রচনার ১৫০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী নানা উদযাপনের মধ্যেই এই উদ্যোগ নেয় মোদি সরকার।

রাজ্যসভায় পাস হওয়ার পর বিলটি এবার লোকসভায় যাবে। সেখানে পাস হলে রাষ্ট্রপতির অনুমোদনের পর বিলটি আইনে পরিণত হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে