ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ফিরল ‘সাকিন সারিসুরি’: গুরুর পাশে দুই শিষ্য

ফিরল ‘সাকিন সারিসুরি’: গুরুর পাশে দুই শিষ্য

নবপ্রকাশ ডেস্ক:

“আমার নাট্যগুরু মামুনুর রশীদ। সাথে দুই শিষ্য”— সামাজিক যোগাযোগমাধ্যমে বরেণ্য নাট্যজন, নির্দেশক ও অভিনেতা মামুনুর রশীদের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে এমন আবেগঘন কথা লিখেছেন নন্দিত অভিনেতা আ খ ম হাসান। ছবিতে তাঁদের সঙ্গে দেখা গেছে দুই বাংলার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকেও। দেশের নাট্যাঙ্গনের তিন গুণী তারকাকে একসঙ্গে এক ফ্রেমে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিকাতর হয়ে পড়েছেন নাটকপ্রেমীরা।

ছবিটি প্রকাশের পরপরই তা নজর কাড়ে ভক্ত-অনুরাগীদের। তিন তারকাকে একসঙ্গে দেখে অনেকে ফিরে গেছেন কথাসাহিত্যিক বৃন্দাবন দাসের রচনা ও সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় বিটিভির জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘সাকিন সারিসুরি’র দিনগুলোতে। কালজয়ী ওই নাটকে মামুনুর রশীদ অভিনয় করেছিলেন মাতব্বর ‘মণ্ডল’ চরিত্রে, আর চঞ্চল চৌধুরী ও আ খ ম হাসানকে দেখা গিয়েছিল যথাক্রমে ‘জাপান ডাক্তার’ ও ‘রঞ্জু’ চরিত্রে।

ছবির কমেন্ট বক্সে দর্শকেরা পুরোনো দিনের নাটকটির প্রিয় চরিত্রগুলো নিয়ে স্মৃতিচারণ করার পাশাপাশি মনে করেছেন ওই নাটকের ‘রুইতন’ চরিত্রটি, যাতে অভিনয় করেছিলেন মোশাররফ করিম। নাটকের শেষের দিকে মণ্ডলের গুলিতে রুইতনের মৃত্যুর করুণ দৃশ্যটিও স্মৃতিতে ফিরিয়ে আনেন অনেকে। ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে পুনরায় এমন গ্রামভিত্তিক বিনোদনধর্মী ও গুণগত মানের নাটকে তাঁদের একসঙ্গে কাজ করার অনুরোধ জানান।

দেশের নাট্যজগতের অন্যতম পথিকৃৎ মামুনুর রশীদের হাত ধরে এবং তাঁর দল ‘আরণ্যক নাট্যদল’-এর মাধ্যমে অভিনয়ে এসেছিলেন চঞ্চল চৌধুরী ও আ খ ম হাসানসহ একাধিক খ্যাতনামা শিল্পী। গুরুর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসার কথা তাঁরা বরাবরই প্রকাশ করে থাকেন।

এদিকে কিংবদন্তি শিল্পী মামুনুর রশীদের দীর্ঘ ও সমৃদ্ধ ক্যারিয়ারে সম্প্রতি যুক্ত হয়েছে আন্তর্জাতিক এক নতুন মাইলফলক। প্রথমবার বিদেশি ভাষা অর্থাৎ নেপালি ভাষায় নাটকের নির্দেশনা দিয়েছেন তিনি। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) নেপালের কাঠমান্ডুর ঐতিহাসিক সর্বনাম থিয়েটারে তাঁর নির্দেশিত ‘আয়ো গোর্খালি’ নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

মক চিউ ইয়ুর রচনায় এবং নেপাল, আয়ারল্যান্ড ও হংকংয়ের শিল্পীদের অভিনয়ে তৈরি এই নাটকে গোর্খাদের জীবন ও সংগ্রামের ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক মঞ্চে নেপালি নাটকের নির্দেশক হিসেবে প্রথমবার আত্মপ্রকাশ ঘটল দেশের নাট্যগুরু মামুনুর রশীদের।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে