এসএসসিতে অকৃতকার্য হয়ে বিষপানে পরীক্ষার্থীর আত্মহত্যা
এসএসসি পরীক্ষায় ইংরেজিতে অকৃতকার্য হওয়ায় বিষপানে আত্মহত্যা করেছে হালিমা খাতুন তরিকা (১৬) নামে এক শিক্ষার্থী।
সোমবার (১০ আগস্ট) দুপুরে ফলাফল প্রকাশের পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পুরাতন উনিশবিঘী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হালিমা ওই গ্রামের তরিকুল ইসলামের মেয়ে এবং চাকপাড়া আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পরীক্ষার ফল প্রকাশের পর হালিমা জানতে পারে সে অন্য সব বিষয়ে পাস করলেও ইংরেজিতে অকৃতকার্য হয়েছে। এতে চরম হতাশায় ভেঙে পড়ে সে পরিবারের অজান্তে বিষপান করে। টের পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শাহরিনা ইসলাম জানান, বিকেল ২টা ৪০ মিনিটের দিকে মেয়েটিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, এসএসসিতে এক বিষয়ে ফেল করায় বিষপানে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
