নবপ্রকাশ ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য ও বিদায়ি সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সফলভাবে অংশগ্রহণ এবং নিউইয়র্কের বিভিন্ন কর্মসূচি চমৎকারভাবে সম্পন্ন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান চীনা রাষ্ট্রদূত।
সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও চীনের মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ এবং সার্বিক উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আঞ্চলিক স্থায়িত্ব এবং রোহিঙ্গা সংকটের দ্রুত টেকসই সমাধানের বিষয়েও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন প্রচেষ্টায় চীনের পূর্ণ সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। আগামী দিনগুলোতে দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যকার দীর্ঘদিনের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় ও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। চীনা রাষ্ট্রদূতের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ঢাকাস্থ চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন।
