নবপ্রকাশ ডেস্ক:
সরকার গঠন করে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জমি দেয়ার অনুমোদন দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রাজ্যের নতুন সরকার বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে তারা আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফ-কে জমি বুঝিয়ে দেবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, সোমবার হাওড়ায় রাজ্য সচিবালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে শুভেন্দু এ ঘোষণা দেন।
বৈঠক শেষে শুভেন্দু বলেন, রাজ্যের জনবিন্যাস বদলে গেছে। তাই প্রথম দিনেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর এবং বিএসএফ-কে আমরা জমি হস্তান্তরে অনুমোদন দিলাম। এনিয়ে ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেয়া হল।
এবারের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারে অনুপ্রবেশ প্রসঙ্গে ব্যাপক সরব ছিল বিজেপি। দলটির নেতৃত্ব ঘোষণা দেয়, ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
আরও পড়ুন:
বিপাকে বৃটিশ প্রধানমন্ত্রী, হাল না ছাড়ার ঘোষণা
মন্ত্রিসভার প্রথম বৈঠকেই তাই বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর লক্ষ্যে ৪৫ দিনের মধ্যে বিএসএফ’কে জমি দেয়ার অনুমোদন দিলো রাজ্যটির নতুন সরকার।
