ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০২ জুন, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০২ জুন, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » প্রতিষ্ঠানের নাম পাল্টে মায়ের নামে করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী

প্রতিষ্ঠানের নাম পাল্টে মায়ের নামে করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী

নবপ্রকাশ ডেস্ক:
ঢাকার কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করতে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রস্তাব পাঠিয়েছিল প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; কিন্তু প্রস্তাবে সম্মত হননি প্রধানমন্ত্রী তারেক রহমান।
কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি ২০০৬ সালে ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে প্রতিষ্ঠিত হয়। এটি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীন পরিচালিত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্রে জানা গেছে, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ঈদুল আজহার আগে কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে করার প্রস্তাব পাঠায়। ওই সূত্রের দাবি, আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন করেননি।
সূত্রটি আরও জানিয়েছে, মায়ের নামে নামকরণের প্রস্তাব অনুমোদন না করে উল্টো এ বিষয়ে প্রধানমন্ত্রী নতুন প্রতিষ্ঠান গড়ে নামকরণ করার অনুশাসন দেন। বিষয়টিকে দেশের ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে নাম পরিবর্তনের ধারার বিপরীতে একটি দৃষ্টান্তমূলক অনুশাসন বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের প্রস্তাবের নোটে এই বলে অনুশাসন দিয়েছেন যে যদি নতুন নামকরণ করতে হয়, তাহলে নতুন প্রতিষ্ঠান গড়তে হবে।
এর আগে মশা নিধনের উদ্ভাবনী কার্যক্রম দেখার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার প্রস্তাব অনুমোদন দেননি প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, মশা নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই, দেশেই সন্ধ্যার পর কোনো ডোবার পাশে অবস্থান করলে মশা নিধনের উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব বলে অভিমত দিয়েছেন প্রধানমন্ত্রী।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে