গাজীপুর প্রতিনিধি: দেশে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার বৃদ্ধি এবং কৃষিজমি রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে বাংলাদেশ কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
“মাটি পোড়াবো না, ইটভাটা কমাবো, কৃষিজমি রক্ষা করবো” প্রতিপাদ্যে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদুল ইসলাম বলেন, পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে কংক্রিট ব্লকের ব্যবহার সময়ের দাবি। পরিবেশ সুরক্ষা, কৃষিজমি রক্ষা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রচলিত পোড়া ইটের বিকল্প হিসেবে কংক্রিট ব্লকের ব্যবহার বাড়াতে হবে। এ বিষয়ে সরকার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তিনি আশ্বাস দেন।
সভায় বক্তারা বলেন, পরিবেশবান্ধব কংক্রিট ব্লকের ব্যবহার বৃদ্ধি পেলে একদিকে ইটভাটার ওপর নির্ভরতা কমবে, অন্যদিকে কৃষিজমি রক্ষা, বায়ুদূষণ হ্রাস এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চলতি দায়িত্ব) মো. জিয়াউল হক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ সাঈদুর রহমান, গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বাংলাদেশ কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি লে. কর্নেল (অব.) শাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আহসান হাবীব, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আতিক শাহরিয়ার রাফিদ, মোহাম্মদ ফারুক খানসহ বিভিন্ন শিল্প-উদ্যোক্তা, প্রশাসনিক কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
সভায় অংশগ্রহণকারীরা পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার বাড়াতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং কংক্রিট ব্লক শিল্পের বিকাশে প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।
