স্টাপ রিপোর্টার:
রাজধানীর প্রাণকেন্দ্র নিউমার্কেট এলাকায় খুন হলেন শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন। তিনি আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক।
প্রত্যক্ষদর্শীরা জানায়,আজ মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় তাঁকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. নাসিম এ গুলশান নবপ্রকাশকে বলেন, রাত পৌনে আটটার দিকে মোটরসাইকেলে এসে কয়েকজন দুর্বৃত্ত এক যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। খুব কাছ থেকে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচ থেকে ছয়টি গুলি করে। এরপর দ্রুততম সময়ে পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ২৭ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করে।
তাকে হাসপাতালে নিয়ে আসা মো. জুয়েল জানান, শহীদ শাহ নেওয়াজ হলের সামনে দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত ঢামেকে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২০০১ সালে সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকার ২ নম্বরে ছিল টিটনের নাম । পুলিশের ধারণা, শীর্ষ সন্ত্রাসীদের মধ্যকার অন্তর্কোন্দলে তাঁকে হত্যা করা হয়েছে।
