কুমিল্লা ক্যান্টনমেন্টের চাঞ্চল্যকর সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে ফের গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার (৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআইয়ের পুলিশ সুপার আবু ইউসুফ।
তিনি জানান, আদালতের আদেশ প্রতিপালন না করা এবং একই আদেশে পুলিশের প্রতি হাফিজুরকে গ্রেফতারের নির্দেশ থাকায় শনিবার ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পিবিআই জানিয়েছে, চেম্বার জজ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এবং হাফিজুরের পালিয়ে যাওয়ার আশঙ্কা রোধে তাকে গ্রেফতার করা হয়েছে।এর আগে গত ২২ এপ্রিল তনু হত্যা মামলায় হাফিজুরকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়। পরে হাইকোর্ট থেকে জামিন নিয়ে গত ৪ আগস্ট তিনি কারাগার থেকে মুক্তি পান।
উল্লেখ্য, গত ৬ আগস্ট হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করায় আদালত তাকে গ্রেফতারের নির্দেশ দেন।
২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন তনু। পরে সেনানিবাসের একটি ঝোপের মধ্য থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়। পরদিন তার বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক (বর্তমানে অবসরপ্রাপ্ত) ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।
