ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » নবম পে স্কেল: দুই সপ্তাহের মধ্যেই মন্ত্রিসভায় উঠছে কমিশনের চূড়ান্ত প্রস্তাব

নবম পে স্কেল: দুই সপ্তাহের মধ্যেই মন্ত্রিসভায় উঠছে কমিশনের চূড়ান্ত প্রস্তাব

সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়নের বিষয়ে গঠিত পর্যালোচনা কমিটির চূড়ান্ত প্রতিবেদন আগামী দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপিত হতে পারে। সোমবার (০৬ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির সবশেষ বৈঠক শেষে সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।
সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গত ২১ এপ্রিল ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। সোমবার অনুষ্ঠিত হয় কমিটির শেষ বৈঠক। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
অষ্টম বেতন কমিশনের প্রায় ১২ বছর পর ২০২৫ সালের ২৭ জুলাই ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এক দফা সময় বাড়ানোর পর চলতি বছরের ২১ জানুয়ারি কমিশনটি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। কমিশনের প্রধান ছিলেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান।

কমিশনের সুপারিশ বাস্তবায়নের দায়িত্বে রয়েছে নাসিমুল গনি নেতৃত্বাধীন কমিটি। কমিশনের মূল সুপারিশ কিছুটা কমিয়ে প্রথমে তিন অর্থবছর এবং পরে দুই অর্থবছরে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের খসড়া প্রস্তাব দেয় কমিটি। সোমবারের বৈঠকে চলতি অর্থবছরে মূল বেতন এবং পরবর্তী অর্থবছরে ভাতা কার্যকরের পক্ষে মত দেন কমিটির সব সদস্য। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিষয়টি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।

কমিটির একটি সূত্র জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত এক সপ্তাহ আগেই নেয়া হয়েছে। বিচার বিভাগের বেতনকাঠামো নিয়ে কিছু কারিগরি বিষয় ছিল, যা এরইমধ্যে সমাধান হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী চলতি অর্থবছরের ১ জুলাই থেকে মূল বেতন এবং পরবর্তী অর্থবছরের ১ জুলাই থেকে ভাতা কার্যকর হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রস্তাবটি আইনি পরীক্ষা-নিরীক্ষার (ভেটিং) জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর জারি করা হবে প্রজ্ঞাপন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রীর সম্মতি মিললেই বিষয়টি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। এটি আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠতে পারে, আবার প্রয়োজন হলে তার পরের বৈঠক পর্যন্তও অপেক্ষা করতে হতে পারে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে