বড় পর্দায় ফিরছে বিখ্যাত ‘স্টার ওয়ার্স’ ফ্র্যাঞ্চাইজি। এবার এর নতুন কিস্তি ‘স্টার ওয়ার্স : স্টারফাইটার’-এ মূল চরিত্রে দেখা যাবে হলিউড তারকা রায়ান গসলিং-কে।
সম্প্রতি ডিজনির ‘ডি২৩’ ফ্যান ইভেন্টে সিনেমাটির প্রথম টিজার ও ভিডিও ফুটেজ উন্মোচন করা হয়। জোনাথন ট্রপারের চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করছেন ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ খ্যাত নির্মাতা শন লেভি। ২০২৭ সালের ২৮ মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ডিজনি ও লুকাসফিল্ম ‘স্টারফাইটার’-এর মূল কাহিনি গোপন রাখলেও জানা গেছে, এটি একটি সম্পূর্ণ স্বতন্ত্র গল্প।২০১৯ সালের ‘দ্য রাইজ অব স্কাইওয়াকার’-এর ঘটনার পাঁচ বছর পর থেকে সিনেমার প্রেক্ষাপট শুরু হবে। টিজারে রায়ান গসলিংকে ‘কেড অবারন’ নামের এক দক্ষ পাইলটের ভূমিকায় দেখা যায়, যিনি অচল একটি দ্রুতগামী স্টার ফাইটার বিমান ঠিক করে ভিনগ্রহের বিভিন্ন প্রাকৃতিক ভূদৃশ্যের ওপর দিয়ে উড়ে যান।
প্রিভিউ দেওয়ার সময় পরিচালক শন লেভি জানান, ঠিক ৫০ বছর আগে মে মাসের যে সপ্তাহান্তে প্রথম ‘স্টার ওয়ার্স’ সিনেমা মুক্তি পেয়েছিল, ৫০ বছর পূর্তিতে একই সময়ে তাদের এই সিনেমাটি প্রেক্ষাগৃহে আসবে। নতুন এই ছবিতে আশা ও পরিবারের বার্তা থাকবে, যা বরাবরই এই সিরিজের মূল বিষয় ছিল।
সিনেমাটির মূল শুটিং হয়েছে ইতালির নয়নাভিরাম সার্ডিনিয়া দ্বীপে। ফলে নতুন এই সিনেমায় একেবারেই ভিন্ন রূপ দেখতে পাবেন দর্শকরা। রায়ান গসলিং ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তরুণ অভিনেতা ফ্লিন গ্রে, অ্যামি অ্যাডামস, ম্যাট স্মিথ, মিয়া গথ, অ্যারন পিয়্যার, সাইমন বার্ড, জামায়েল ওয়েস্টম্যান ও ড্যানিয়েল ইংস।
