নিজস্ব প্রতিবেদক: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট স্থাপনের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষাখাতে উন্নয়ন ও আধুনিকায়নে সরকার কোনো ধরনের কার্পণ্য করবে না। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে দুই হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বুধবার (১৩ মে) রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ-এ ওমেরার সঙ্গে সোলার প্ল্যান্ট স্থাপন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে সরকার কাজ করছে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণ করা হবে। এর মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যেও পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, “শিক্ষার ক্ষেত্রে কোনো কার্পণ্য করবে না সরকার। শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী ও কার্যকর করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।”
শিক্ষাক্ষেত্রে দীর্ঘসূত্রতা ও জট কমাতে সরকার নতুন উদ্যোগ নিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ১০ বছরের মধ্যেই এসএসসি এবং ১২ বছরের মধ্যে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় ও বাস্তবায়ন কৌশল নির্ধারণে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, “আজ একটি গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হবে। সেখানে আলোচনা করা হবে কীভাবে সিলেবাস সম্পন্ন করে সময় নষ্ট না করে নির্ধারিত সময়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া যায়।”
দেশের উন্নয়নে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, আধুনিক ও বাস্তবমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে আন্তর্জাতিক প্রতিযোগিতার উপযোগী হিসেবে তৈরি করা হবে।
