ঢাকায় মধুমিতার প্রথম সিনেমায় ফিরছেন আমিন খান।
রাজনীতি ও ক্ষমতার অপব্যবহারকে ঘিরে কিছু ঘটনা নিয়ে ‘গুলশানের চামেলির’ চিত্রনাট্য লেখা হয়েছে।
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় ‘গুলশানের চামেলি’ নামের সিনেমাটির মহরৎ অনুষ্ঠিত হয়েছে ঢাকায়।
মুহাম্মদ ইকবালের পরিচালনায় ‘গুলশানের চামেলি’তে কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকারের অভিষেক হচ্ছে। আর এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর কাজে ফিরছেন আমিন খান।
এতে আরও অভিনয় করবেন বাংলাদেশের রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, আশীষ খন্দকার, মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।
রাজধানীতে হোটেল সোনারগাঁওয়ে শনিবার মহরত অনুষ্ঠানে অভিনয়শিল্পীদের নাম জানানো হয়।
ওই অনুষ্ঠানের একটি ভিডিও ছড়িয়েছে সোশাল মিডিয়ায়; সেখানে আমিন খানকে দীর্ঘদিন দিন পর সিনেমায় ফেরা প্রসঙ্গে বলতে শোনা যায়, “সত্যি খুব ভালো লাগছে, অনেক দিন পর সিনেমায় কাজ করছি। আমি বলব, সুযোগ হয়েছে।”
মোহাম্মদ হোসেনের ‘অবুঝ দুটি মন’ চলচ্চিত্র দিয়ে ১৯৯৩ সালে বড় পর্দায় অভিষেক হয় আমিনের। এরপর টানা কাজ করেছেন ২০১২ সাল পর্যন্ত। এরপর আমিন সিনেমা করেন বিরতি দিয়ে।
পরিচালক ইকবালের প্রস্তাব পেয়ে তার মনে হয়েছে কাজটি করা যায় বলে জানিয়েছেন আমিন।
“এখানে গুণী অনেকে কাজ করবেন। আশা করি দর্শকদের একটি সুন্দর সিনেমা উপহার দিতে পারব আমরা।”
এর আগে আনন্দবাজার জানিয়েছিল রাজনীতি ও ক্ষমতার অপব্যবহারকে ঘিরে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে ‘গুলশানের চামেলির’ চিত্রনাট্য লেখা হয়েছে।
একজন যৌনকর্মীকে ঘিরে গল্প আবর্তিত হয়েছে। যিনি কোনো অপরাধ না করেও বারবার বিপদে পড়েন।
এই চরিত্রে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার।
মধুমিতার কথায়, সিনেমায় ‘চামেলি’ চরিত্রে অনেক স্তর রয়েছে। তাকে নানা রূপে দেখতে পাওয়া যাবে। ‘চামেলি’ বর্ণময় বলেই কাজটি নিয়েছেন বলে মধুমিতার ভাষ্য। ইতোমধ্যেই ঢাকার ভাষা রপ্ত করতে শুরু করেছেন তিনি।
বাংলাদেশ এবং কলকাতা মিলিয়ে ডিসেম্বরে দৃশ্য ধারণের কাজ শুরু হবে।
