ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ট্রেড লাইসেন্সে হয়রানি, দক্ষিণ সিটিতে বরখাস্ত ১

ট্রেড লাইসেন্সে হয়রানি, দক্ষিণ সিটিতে বরখাস্ত ১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন নিয়ে ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ উঠেছে। এ অভিযোগের পর করপোরেশনের অঞ্চল-৪ এর লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার মোস্তফা নূরউদ্দিন আহমেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মোস্তফা নূরউদ্দিন আহম্মেদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি।

রোববার (১৬ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৪ এর কর কর্মকর্তা মোহা. আবু নাসের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, গত ১৬ আগস্ট বেলা ১১টায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যৌথ আয়োজনে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা, যানজট পরিস্থিতির উন্নয়ন ও ট্রেড লাইসেন্স সেবা শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, প্রধান নির্বাহী কর্মকর্তাসহ রাজস্ব বিভাগের কর্মকর্তারা এবং ডিসিসিআইয়ের নেতাসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

সভায় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টো অভিযোগ করেন, গত ২৩ ও ২৪ জুন তাৎক্ষণিক (অনস্পট) ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নসংক্রান্ত একটি রাজস্ব ক্যাম্প চলাকালীন দায়িত্বপ্রাপ্ত লাইসেন্স সুপারভাইজার মোস্তফা নূরউদ্দিন আহমেদ বেশকিছু সংখ্যক ব্যবসায়ীর কাছ থেকে ২০২৫-২৬ অর্থবছরের ২২টি ট্রেড লাইসেন্স নবায়ন করে দেওয়ার কথা বলে নগদ অর্থ গ্রহণ করেন। কিন্তু অর্থবছর শেষ হলেও দেড় মাসের বেশি সময় পরও আদায়ভুক্ত ট্রেড লাইসেন্সগুলো নবায়ন করেননি।

এতে ভুক্তভোগী ব্যবসায়ীরা হয়রানির শিকার হয়ে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির অফিসে একাধিকবার অভিযোগ করেছেন। সংশ্লিষ্ট লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার হিসেবে মোস্তফা নূরউদ্দিন আহমেদের সঙ্গে বারবার ফোনে যোগাযোগ করা হলেও তিনি আজ দেবেন, কাল দেবেন বলে টালবাহানা ও সময়ক্ষেপণ করেছেন বলে অভিযোগ করা হয়।

চিঠিতে আরও বলা হয়, ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আলী ভুট্টোকে অভিযোগের বিষয়ে অবহিত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশ মোতাবেক মোস্তফা নূরউদ্দিন আহমেদকে লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে