ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ট্রাফিক আইন ভাঙলে আর পালানোর সুযোগ নেই, আছে গ্রেপ্তারি পরোয়ানাও

ট্রাফিক আইন ভাঙলে আর পালানোর সুযোগ নেই, আছে গ্রেপ্তারি পরোয়ানাও

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগরের সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় এবার প্রযুক্তিনির্ভর কড়াকড়ি ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ও স্থিরচিত্রের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে (অটো জেনারেটেড) নোটিশ পাঠানো শুরু হয়েছে। নির্ধারিত জরিমানা পরিশোধে হাজিরা না দিলে পরবর্তী ধাপে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। রোববার (৩ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন সড়কে চলাচলরত রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন, অবৈধ পার্কিং এবং ট্রাফিক আইন অমান্যকারী চালক ও মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিএমপি ট্রাফিক বিভাগ সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ও স্থিরচিত্র ব্যবহার করে ই-ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যারের মাধ্যমে সংশ্লিষ্ট মালিক ও চালকদের ঠিকানায় রেজিস্ট্রি ডাকযোগে অটো নোটিশ পাঠাচ্ছে। নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তি ডিএমপি সদর দপ্তর বা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে হাজির হয়ে সড়ক পরিবহন আইনে নির্ধারিত জরিমানা ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করে মামলা নিষ্পত্তি করতে পারবেন।

 

এতে আরও বলা হয়, নোটিশ পাওয়ার পরও কেউ হাজিরা না দিলে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ হিসেবে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারির কার্যক্রম স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে ইতোমধ্যে শুরু হয়েছে। এছাড়া ডিএমপি সতর্ক করে বলেছে, সিসি ক্যামেরা বা ভিডিও ফুটেজের মামলার নামে কোনো ধরনের আর্থিক লেনদেন বা ব্যক্তিগত তথ্য আদান-প্রদান থেকে বিরত থাকতে হবে। যদি কোনো ব্যক্তি বা অসাধু চক্র এ ধরনের মামলার কথা বলে অর্থ দাবি করে বা প্রতারণার চেষ্টা করে, তবে দ্রুত নিকটস্থ থানা বা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে যোগাযোগ করতে বলা হয়েছে। গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাজধানীর গুরুত্বপূর্ণ সিগন্যাল ও ক্রসিং এলাকায় সম্প্রতি এআই প্রযুক্তিসম্পন্ন উন্নত সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে লাল বাতি অমান্য, স্টপ লাইন অতিক্রম, উল্টো পথে চলাচল, যত্রতত্র যাত্রী ওঠানামা, অবৈধ পার্কিং এবং লেফট লেন দখল করে রাখার মতো অপরাধ শনাক্ত করে ডিজিটাল প্রসিকিউশন বা মামলা করা হচ্ছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে