বিনোদন ডেস্ক
শুটিংয়ের সময়সূচি নিয়ে অনিশ্চয়তা ও নিজের ব্যস্ততার কারণে রায়হান খানের সিনেমা ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী। তবে ফারিয়ার এই সিদ্ধান্তের কথা এখনো জানেন না সিনেমাটির নির্মাতা।
চট্টগ্রামে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে ‘ট্রাইব্যুনাল’। গত বছরের ৯ ডিসেম্বর সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেন রায়হান খান। ক্যারিয়ারের দুই যুগ পূর্তি উপলক্ষে দেওয়া ঘোষণায় তিনি জানিয়েছিলেন, কোনো এক ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সিনেমাটিতে একজন আইনজীবীর চরিত্রে অভিনয়ের কথা ছিল নুসরাত ফারিয়ার। তবে এখনো তার অংশের শুটিং শুরু হয়নি। সিনেমাটির বেশ কিছু দৃশ্যের কাজও বাকি রয়েছে। শুটিংয়ের সময় নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি নিজের ব্যস্ত শিডিউলের কারণে শেষ পর্যন্ত প্রকল্পটি থেকে সরে আসার সিদ্ধান্ত নেন ফারিয়া।
এ বিষয়ে অভিনেত্রী জানান, চরিত্রটি তার পছন্দের ছিল এবং কাজটি নিয়ে তিনি আগ্রহীও ছিলেন। তবে শুটিংয়ের সময়সূচি ও অন্যান্য কিছু বিষয়ে সমন্বয় না হওয়ায় সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
অন্যদিকে, ফারিয়ার সরে দাঁড়ানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক বার্তা পাননি বলে জানিয়েছেন নির্মাতা রায়হান খান। অভিনেত্রীর সঙ্গে এ বিষয়ে তার কোনো কথাও হয়নি বলে জানান তিনি।
এদিকে সিনেমাটির আরও দুই গুরুত্বপূর্ণ অভিনেত্রী তানিয়া বৃষ্টি ও মৌসুমী হামিদও আপাতত শুটিংয়ে অংশ নেওয়ার অবস্থায় নেই। অসুস্থতার কারণে তানিয়া বৃষ্টি চিকিৎসাধীন। অন্যদিকে মা হওয়ার অপেক্ষায় রয়েছেন মৌসুমী হামিদ। তাদের পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্মাতারা আপাতত অপেক্ষা করছেন।
সিনেমাটির বাজেট নিয়েও কিছুটা জটিলতা রয়েছে বলে জানিয়েছেন রায়হান খান। স্বাধীন প্রযোজনার সিনেমা হওয়ায় অর্থায়নের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হয়েছে। তবে সব বাধা পেরিয়ে চলতি বছরের শেষ দিকে ‘ট্রাইব্যুনাল’-এর শুটিং শুরু করার আশা করছেন নির্মাতা।
