ঢাবি প্রতিনিধ: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাই গণ-অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করেছে । ফাইন্যান্স কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ খ্রিষ্টাব্দের জুলাই-আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলন ও গণ-অভ্যুত্থানে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করা হয়েছে। ফাইন্যান্স কমিটির সুপারিশ অনুযায়ী গত ২২ জুন অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন হল, অনুষদ, বিভাগ ও ইনস্টিটিউটে পৃথক কর্মসূচি পালিত হচ্ছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে- জুলাই গণ-অভ্যুত্থানকে উপজীব্য করে সংকলন প্রকাশ, সেমিনার, স্মৃতিচারণ ও আলোচনা সভা, প্রবন্ধ রচনা প্রতিযোগিতা, ব্যক্তিগত অভিজ্ঞতা বিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা প্রভৃতি।
এ উপলক্ষে হাজী মুহম্মদ মুহসীন হল ‘জুলাই স্মৃতিকথন’ শীর্ষক বিশেষ সংকলন প্রকাশ করবে। এছাড়া, শামসুন নাহার হল ২৬ জুলাই, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ও ফজলুল হক মুসলিম হল ২৪/২৫ জুলাই, রোকেয়া হল ৩০ জুলাই, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ২৫ জুলাই, শেখ মুজিবুর রহমান হল ০১-০৪ আগস্ট, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ২৪ জুলাই, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ২৫ জুলাই, অমর একুশে হল ২৩-২৫ জুলাই, বিজয় একাত্তর হল ২৩ জুলাই, নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী ছাত্রী নিবাস ২২ জুলাই এবং ড. কুদরাত-ই-খুদা হোস্টেল ৫ আগস্ট জুলাই অনুষ্ঠানমালার আয়োজন করবে।
এর আগে, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত দেশের সকল পাবলিক ও প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি ও অন্যান্য বেতন মওকুফ করার ঘোষণা দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, আহত শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানে প্রয়োজনীয় মেডিকেল সনদ জমা দিয়ে এই সুবিধা গ্রহণ করতে পারবেন।
ঘোষণা অনুসারে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্য (স্বামী/স্ত্রী, সন্তান বা ভাইবোন)-দের জন্য বিশেষ ভর্তি সুবিধা চালু করেছে ঢাবি প্রশাসন। এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন আহত ১২ জন শিক্ষার্থীকে চিকিৎসার জন্য প্রায় ৫ লাখ টাকা আর্থিক অনুদানও দিয়েছিল।
একই সাথে আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ১২৮ জন শিক্ষার্থীকে বহিষ্কার এবং কয়েকজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত জুলাই গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি এবং দেশের প্রতি তাদের ভালোবাসাকে আরও দৃঢ় করবে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
