ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » টঙ্গীতে যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১

টঙ্গীতে যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১

গাজীপুরের শিল্পনগরী টঙ্গীতে আলোচিত সশস্ত্র মোটরসাইকেল মহড়া এবং বিভিন্ন শিল্পকারখানায় ভয়ভীতি প্রদর্শন ও হুমকির অভিযোগে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্যসচিব নাজমুল হোসেন মণ্ডলসহ ১৯ জনকে এজাহারভুক্ত আসামি এবং আরও ৭০ থেকে ৮০ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে। এ ঘটনায় গত দুই দিনে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

মামলার বাদী ভুক্তভোগী ব্যবসায়ী নুরুজ্জামান। তিনি অভিযোগ করেন, অভিযুক্তরা সংঘবদ্ধভাবে সশস্ত্র মোটরসাইকেল মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেয়। এ ঘটনার পর তিনি টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলার পরপরই টঙ্গী পূর্ব থানা পুলিশ অভিযান শুরু করে। গত দুই দিনে গ্রেপ্তার হওয়া ১১ জনের মধ্যে রয়েছেন রিয়াজন ওরফে রাজন (৩০), জাহাঙ্গীর শেখ ওরফে জমির (২৭), জহির (৩৩), বায়েজিদ (২৯), রাজিব হাসান (২৯), হোসাইন (৩৪), রাসেল ওরফে খাবরি (২৮) এবং সাগর ওরফে নয়ন (২০)। এর আগে মঙ্গলবার রাতে মনোয়ার হোসেন (২৮), তৌহিদুল সজীব (৩৫) ও রনি খান (৩৯) নামে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সশস্ত্র মহড়া, চাঁদাবাজি ও শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগের বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মামলার তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে