গাজীপুরের টঙ্গী হাজি মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে বস্তির সামনের সড়কে মানববন্ধন করে একটি বিক্ষোভ মিছিলসহ মহাসড়ক অবরোধ করেন বস্তিবাসী।
মিছিলটি টঙ্গী বাজার থেকে বের হয়ে স্টেশন রোড প্রদক্ষিণ করে বিআরটি ফ্লাইওভার ব্রিজের ওপর ওঠে, পরে সেখানে বিক্ষোভকারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি অংশে অবস্থান নিয়ে অবরোধ করেন।
বিক্ষোভকারীদের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করে হাজির মাজার বস্তি উচ্ছেদ করায় শত শত পরিবার অনিশ্চয়তার মধ্যে পড়েছে। উচ্ছেদের আগে তাদের থাকার ব্যবস্থা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে।
এদিকে, হাজির মাজার বস্তিকে ঘিরে দীর্ঘদিন ধরেই মাদক কেনাবেচাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে দাবি স্থানীয়দের। হাজি মাজার বস্তি অপরাধীদের অভয়াশ্রম হিসেবে ব্যবহার হয়ে আসছে। বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মাদকসেবী ও মাদকের বড় চালান উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের ঘটনাও ঘটেছে।
বিক্ষোভ চলাকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি ফ্লাইওভারের ওপর আংশিক অবরোধ সৃষ্টি হওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটে। এতে সাধারণ যাত্রীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, বস্তিবাসীকে বুঝিয়ে রাস্তা থেকে সরানো হয়েছে। দুই থেকে তিন মিনিটের মধ্যে তারা অবরোধ তুলে নেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
