লাইফস্টাইল ডেস্ক
চুলের যত্নে তেল ব্যবহার বহুদিনের পরিচিত অভ্যাস। শুষ্ক চুলে আর্দ্রতা ধরে রাখতে এবং চুল ধোয়ার সময় ঘর্ষণ কমাতে এটি কিছুটা সহায়ক হতে পারে। তবে তেল ব্যবহারের পদ্ধতি ঠিক না হলে কাঙ্ক্ষিত উপকারের বদলে চুল ও মাথার ত্বকে অস্বস্তি তৈরি হতে পারে।
১. জট ছাড়ানো ছাড়াই তেল দেওয়া
জট পাকানো চুলে সরাসরি তেল লাগিয়ে ঘষাঘষি করলে চুলে টান পড়ে ভেঙে যেতে পারে। তাই তেল দেওয়ার আগে ধীরে ধীরে চুলের জট খুলে নিন। নিচের অংশ থেকে শুরু করে আস্তে আস্তে ওপরের দিকে যাওয়াই ভালো।
২. মাথার ত্বকে অতিরিক্ত চাপ দেওয়া
তেল লাগানোর সময় জোরে ঘষলে বেশি উপকার হবে—এ ধারণা ঠিক নয়। নখ দিয়ে মাথার ত্বক আঁচড়ানো বা বেশি চাপ দিয়ে ম্যাসাজ করলে ত্বকে জ্বালা কিংবা ক্ষত তৈরি হতে পারে। আঙুলের ডগা দিয়ে হালকা হাতে কয়েক মিনিট ম্যাসাজ করাই যথেষ্ট।
৩. প্রয়োজনের তুলনায় বেশি তেল ব্যবহার
চুল একেবারে তেলে ভিজিয়ে ফেললেই যে বাড়তি যত্ন হবে, এমন নয়। অতিরিক্ত তেলে চুল ভারী ও আঠালো হয়ে যেতে পারে। পরে তা পরিষ্কার করতে বারবার শ্যাম্পু করলে চুল ও মাথার ত্বক আরও শুষ্ক হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। চুলের ধরন ও প্রয়োজন অনুযায়ী পরিমাণ ঠিক করুন।
৪. সারারাত তেল রেখে দেওয়া
তেল দেওয়ার সুফল পেতে সারা রাত মাথায় তেল রেখে ঘুমানো বাধ্যতামূলক নয়। বিশেষ করে যাদের মাথার ত্বক তৈলাক্ত, খুশকি বা চুলকানির প্রবণতা রয়েছে, তাদের জন্য দীর্ঘ সময় তেল রেখে দেওয়া অস্বস্তিকর হতে পারে। সুবিধামতো কিছুক্ষণ রেখে মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
৫. অতিরিক্ত গরম তেল ব্যবহার
তেল গরম করে লাগানো জরুরি নয়। কেউ উষ্ণ তেল ব্যবহার করতে চাইলে তা হালকা কুসুম গরম হওয়া পর্যন্ত রাখাই যথেষ্ট। বেশি গরম তেল মাথার ত্বকে জ্বালা বা পোড়ার অনুভূতি তৈরি করতে পারে। ব্যবহারের আগে তাপমাত্রা হাতে পরীক্ষা করে নিন।
তেল দেওয়ার সহজ নিয়ম
তেল দেওয়ার আগে চুলের জট খুলে নিন। এরপর অল্প পরিমাণ তেল নিয়ে মাথার ত্বকে আঙুলের ডগা দিয়ে হালকা হাতে লাগান। অবশিষ্ট তেল চুলের দৈর্ঘ্য ও আগায় ছড়িয়ে দিতে পারেন। অতিরিক্ত তেল, জোরে ম্যাসাজ কিংবা দীর্ঘ সময় তেল রেখে দেওয়াই যে চুলের জন্য বেশি উপকারী—এমন নয়।
সূত্র: নিউজ এইট্টিন
