নবপ্রকাশ ডেস্ক:
মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানের অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার পদ্মা-মেঘনা নদী ও বিভিন্ন প্রধান মাছঘাটে বিশেষ যৌথ অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ মাছ এবং ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। একই সাথে অবৈধভাবে ইলিশ মজুতের দায়ে দুই আড়তদারকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১০ অক্টোবর) ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত চাঁদপুরের নদীর তীরবর্তী ও চরাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা। সদর উপজেলা মৎস্য বিভাগ, কোস্ট গার্ড এবং নৌ-পুলিশের সদস্যরা যৌথভাবে এই অভিযানে অংশ নেন।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, চাঁদপুর সদর উপজেলার রনগোয়াল, দোকানঘর, বহরিয়া, হরিণা, আলুবাজার ফেরিঘাট খাল, আখনের ঘাট, নন্দী ঘাট, রাজরাজেশ্বর এবং শহরের বড় স্টেশন মাছঘাট এলাকায় একযোগে এই তল্লাশি চালানো হয়। অভিযানকালে বড় স্টেশন মাছঘাটে অবৈধভাবে মা ইলিশ মজুত রাখার অপরাধে মো. সেলিম ও মো. রফিক নামের দুই আড়তদারকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের বিষয়টির সত্যতা নিশ্চিত করে চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা এবং উদ্ধারকৃত ইলিশ এতিমখানায় বিতরণসহ প্রচলিত আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় নদী ও সংশ্লিষ্ট বাজারে জেলা ও উপজেলা টাস্কফোর্সের এই অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
