নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলি আদেশ দেওয়া হয়। বিসিএস পুলিশ ক্যাডারের ২৮তম ব্যাচের এই কর্মকর্তা মাঠপর্যায়ে কাজের দক্ষতা ও পেশাদারিত্বের জন্য বাহিনীতে সুপরিচিত। গুরুত্বপূর্ণ এই নিয়োগের মাধ্যমে তিনি এখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা চট্টগ্রামের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন।
মাসুদ আলম ডিএমপির রমনা বিভাগে দায়িত্ব পালনকালে বেশ আলোচনায় আসেন। বিশেষ করে গত বছরের ৫ আগস্ট পরবর্তী উত্তাল সময়ে রাজধানীর সচিবালয়, হাইকোর্ট, টিএসসি ও যমুনা কেন্দ্রিক বিভিন্ন দাবিদাওয়া নিয়ে গড়ে ওঠা আন্দোলন ও বিক্ষোভ নিয়ন্ত্রণে তিনি বিশেষ মুন্সিয়ানা দেখান। পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার জন্য সহকর্মী ও সংশ্লিষ্ট মহলে তিনি প্রশংসিত হন। চট্টগ্রামের এসপি হিসেবে নিয়োগ পাওয়ার আগে মাসুদ আলম পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। তিনি পাবনা জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) ঝিনাইদহ ক্যাম্পের অধিনায়ক হিসেবেও তিনি আইনশৃঙ্খলা রক্ষায় সাহসিকতার সাথে বিভিন্ন অভিযান পরিচালনা করেন। মো. মাসুদ আলমের স্থায়ী নিবাস বগুড়া জেলায়। মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে ২৮তম বিসিএসের মাধ্যমে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে জারিকৃত এই বদলি আদেশ অবিলম্বে কার্যকর হবে।
