ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » চঞ্চলের নতুন রূপ: সিরিয়াল কিলার

চঞ্চলের নতুন রূপ: সিরিয়াল কিলার

বিনোদন ডেস্ক:

দুই বছর আগে মুক্তিপ্রাপ্ত আলোচিত কলকাতার চলচ্চিত্র ‘চালচিত্র’-এর মাধ্যমে টালিউডে শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। রহস্যময় চরিত্র দিয়ে সে সময় ব্যাপক আলোচনা কুড়ানো সেই সিনেমার এবার আসছে অফিশিয়াল প্রিক্যুয়েল। তবে এবার আর বড় পর্দায় নয়, মনস্তাত্ত্বিক রহস্যের জাল নিয়ে গল্পটি আসছে ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ হিসেবে।

‘চালচিত্র : দ্য একচালা মার্ডারস’ নামের নতুন এই ওয়েব সিরিজে এক জটিল ও রহস্যময় সিরিয়াল কিলারের কেন্দ্রীয় চরিত্রে হাজির হচ্ছেন বাংলাদেশের আরেক শক্তিমান অভিনেতা চঞ্চল চৌধুরী। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতার পক্ষ থেকে সিরিজে চঞ্চলের শিহরণ জাগানো প্রথম লুক প্রকাশ্যে আনা হয়েছে।

গল্পের প্রেক্ষাপট নিয়ে জানা গেছে, মূল ‘চালচিত্র’ সিনেমায় ব্রাত্য বসু অভিনীত ‘ভুবন হালদার’ নামক আলোচিত চরিত্রটির তরুণ বয়সের রূপ তুলে ধরা হবে এই প্রিক্যুয়েলে। একজন অতি সাধারণ মানুষ কীভাবে ক্রমান্বয়ে নৃশংস ও নির্মম এক সিরিয়াল কিলারে রূপান্তরিত হয়—সেই মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, ট্রমা ও অতীতে লুকিয়ে থাকা রহস্যই ফুটবে উঠবে পুরো সিরিজের প্রেক্ষাপটে।

নতুন কাজ ও চরিত্র প্রসঙ্গে চঞ্চল চৌধুরী জানান, “মূল সিনেমায় ব্রাত্য বসু যে চরিত্রটি ফুটিয়ে তুলেছিলেন, এবার প্রিক্যুয়েলে সেই সিরিয়াল কিলারের তরুণ বয়সের চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটির মনস্তাত্ত্বিক গঠন বেশ জটিল এবং এতে অনেকগুলো ভিন্ন লেয়ার বা স্তর রয়েছে। তবে গল্পের আসল চমক ধরে রাখতে এখনই বিস্তারিত কিছু বলব না, তার জন্য দর্শকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।”

সিরিজটিতে চঞ্চল চৌধুরী ছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের টোটা রায়চৌধুরী, শ্বেতা মিশ্র ও বরুণ চন্দসহ আরও অনেকে। আগামী ডিসেম্বরে আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এ বিশ্বব্যাপী একযোগে সিরিজটি মুক্তি পাবে।

এদিকে কলকাতার ওটিটির পাশাপাশি ভারতের আরও দুটি পূর্ণদৈর্ঘ্য সিনেমার কাজ সম্প্রতি সফলভাবে শেষ করেছেন চঞ্চল চৌধুরী। এর একটি ব্রাত্য বসু পরিচালিত ‘শেকড়’ এবং অন্যটি সুমন মুখোপাধ্যায়ের ‘আজাদি’। এর মধ্যে ‘শেকড়’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি দুটি বিশেষ গানে কণ্ঠও দিয়েছেন তিনি। দুটি সিনেমাই আগামী ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

অন্যদিকে বাংলাদেশের ভক্তদের জন্যও রয়েছে চঞ্চলের নতুন সিনেমার খবর। রায়হান রাফী পরিচালিত তাঁর বহু প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’ চলতি দুর্গাপূজায় মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ২০২৭ সালের ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে