জীবনযাপন ডেস্ক
অন্দরসজ্জায় কয়েক বছর ধরে মিনিমালিজম বেশ জনপ্রিয়। তবে ঘর সাজাতে সবকিছু কমিয়ে আনার নিয়মে যাঁদের মন ভরে না, তাঁদের জন্য রয়েছে ভিন্ন একটি ধারা—ম্যাক্সিমালিজম। নিজের পছন্দের নানা রং, নকশা, আসবাব ও স্মৃতির জিনিস একসঙ্গে ঘরে রাখতে চাইলে এই স্টাইল হতে পারে উপযুক্ত।
আধুনিক নকশার হালকা আসবাব কারও পছন্দ, আবার কেউ ঘরে চান আভিজাত্যের ছাপ। কারও কাছে পরিবারের পুরোনো আসবাব ও ঐতিহ্য গুরুত্বপূর্ণ, কেউ আবার দেশজ শিল্পকর্ম দিয়ে সাজাতে ভালোবাসেন। আবার অনেকের পছন্দ আন্তর্জাতিক সংস্কৃতি, শিল্প-সাহিত্য কিংবা গেমিং-অনুপ্রাণিত নানা উপকরণ।
একই ঘরে কিংবা একই পরিবারের সদস্যদের পছন্দও যে এক হবে, এমন কোনো কথা নেই। এমনকি একজন মানুষের পছন্দেও থাকতে পারে একাধিক সাজসজ্জার ধারা। তাই ভিন্ন ভিন্ন উপকরণ ও স্টাইলকে নিজের মতো করে মিলিয়ে নেওয়ার সুযোগ দেয় ম্যাক্সিমালিজম।
এই ধারায় ঘরকে শুধু পরিপাটি রাখার চেয়ে ব্যক্তিত্ব ও রুচির প্রকাশকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তাই নানা রং, নকশা, শিল্পকর্ম, পুরোনো স্মারক কিংবা পছন্দের সংগ্রহ দিয়ে ঘরকে প্রাণবন্ত করে তুলতে চাইলে ম্যাক্সিমালিজম হতে পারে দারুণ একটি পছন্দ।
