মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও মলম পার্টির সদস্যদের নিয়ে পরিবহন কমিটি গঠনের প্রতিবাদে এবং গুলিস্তান এলাকায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজপথে নেমেছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার বেলা ১১টায় গুলিস্তান আহাদ পুলিশ বক্সের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সদ্য ঘোষিত কমিটির বিরুদ্ধে এই ক্ষোভ প্রকাশ করা হয়।
সমাবেশে উপস্থিত বক্তাদের দাবি, মূলধারার পরিবহন শ্রমিকদের বাদ দিয়ে চিহ্নিত অপরাধীদের হাতে টার্মিনালের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে। এর ফলে গুলিস্তানে যাত্রী হয়রানি, মালামাল চুরি ও ছিনতাই মারাত্মক আকার ধারণ করবে, যা মালিক ও যাত্রী উভয় পক্ষকেই ঝুঁকিতে ফেলবে।
বিষয়টিতে উদ্বেগ জানিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শিকদার বলেন, যাত্রী নিরাপত্তা ও টার্মিনালের শৃঙ্খলার স্বার্থেই কমিটিতে স্বচ্ছ ভাবমূর্তির লোক থাকা জরুরি।
তিনি স্পষ্ট করে বলেন, “কারো বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ মিললে সেই কমিটি বহাল রাখার কোনো সুযোগ নেই। অভিযোগ খতিয়ে দেখে বর্তমান কমিটি বাতিল করতে হবে এবং গুলিস্তানে কেবল প্রকৃত শ্রমিকদের সমন্বয়েই নতুন কমিটি গঠন করা উচিত।”
