খুলনা প্রতিনিধি: খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালটির জেনারেটর রুমে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে হঠাৎ করে হাসপাতাল ভবনের একটি অংশ থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের ৭টি ইউনিট একযোগে কাজ করে। দীর্ঘ প্রায় ৩ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটর রুমে ইলেকট্রিক্যাল ফল্টের কারণেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, নৌবাহিনী, বিজিবি, ডিবি পুলিশ, বাংলাদেশ স্কাউট, নৌ স্কাউট এবং স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের স্বেচ্ছাসেবীরাও উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যুক্ত ছিলেন। বিশেষভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গসংগঠন ছাত্রদল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবকদের উদ্ধার কাজে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায়।
অগ্নিকাণ্ডের সময় হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দ্রুত হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে আসেন। হাসপাতাল চত্বরে সৃষ্টি হয় বিশৃঙ্খল পরিস্থিতি।
তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলা উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শেষে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করবে বলে জানা গেছে।
