ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » খুলনায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে গু/লি, আশ/ঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানোর পরামর্শ

খুলনায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে গু/লি, আশ/ঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানোর পরামর্শ

খুলনা নগরীর গল্লামারি মন্দির সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রফিকুল ইসলাম মানিক নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। পরিবারের অভিযোগ, তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানানোয় পরিকল্পিতভাবে তাকে গুলি করা হয়েছে।

রোববার (২৮ জুন) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, একটি প্রাইভেটকারে করে আসা কয়েকজন দুর্বৃত্ত চলন্ত গাড়ি থেকেই ব্যবসায়ী মানিককে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার পেটের নিচের অংশে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়।

আহত রফিকুল ইসলাম মানিকের পরিবারের সদস্যরা জানান, কিছুদিন ধরে অজ্ঞাত ব্যক্তিরা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। তবে তিনি ওই টাকা দিতে রাজি না হওয়ায় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে গুলি করে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এদিকে, ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলার কারণ, জড়িতদের পরিচয় এবং ব্যবহৃত প্রাইভেটকার শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, ঘটনাটির পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে