ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » খাল দখল ও ময়লা ফেলা বন্ধে কঠোর হুঁশিয়ারি ডিএনসিসির

খাল দখল ও ময়লা ফেলা বন্ধে কঠোর হুঁশিয়ারি ডিএনসিসির

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর এলাকায় জলাবদ্ধতা নিরসনে খাল উদ্ধার ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এ সময় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান বলেছেন, “গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসী কষ্ট করবে এটা হতে পারে না।”

 

বুধবার (১৩ মে) সকালে রাজধানীর কালসিতে সাংবাদিক কলোনী খাল পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

 

ডিএনসিসি প্রশাসক বলেন, জনগণের অর্থ ব্যয় করে প্রতিদিন খাল পরিষ্কার করার পরও যদি পরদিন সেটি আবার আগের অবস্থায় ফিরে যায়, তাহলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি জানান, যারা অবৈধভাবে খালের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছেন, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে তা অপসারণ না করলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আইনগতভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

 

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও দখলের কারণে খালটির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। এতে সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।

 

প্রশাসক জানান, আপাতত আগামী এক সপ্তাহ খালটি পরিষ্কার করার কাজ চলবে, যাতে এলাকাবাসী সাময়িকভাবে জলাবদ্ধতা থেকে মুক্তি পায়। পাশাপাশি স্থায়ী সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট বাড়ির মালিক সমিতি ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করা হবে।

 

তিনি বলেন, “আমরা একাধিকবার খালটি পরিষ্কার করেছি। কিন্তু অল্প সময়ের মধ্যেই আগের অবস্থায় ফিরে যায়। তাই এবার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। খাল উদ্ধারের কোনো বিকল্প নেই। এলাকাবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে হলে খাল উদ্ধার এবং ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা জরুরি।”

 

অবৈধ দখলদারদের পুনর্বাসনের সুযোগ নেই উল্লেখ করে মোঃ শফিকুল ইসলাম খান বলেন, “কেউ যদি অবৈধভাবে সরকারি বা সংস্থার জমির ওপর স্থাপনা নির্মাণ করে, তাহলে সেই দায় তাকেই নিতে হবে।” তবে মানবিক দিক বিবেচনায় কেউ সময় চাইলে আলোচনার মাধ্যমে তা বিবেচনা করা হতে পারে বলেও জানান তিনি।

 

এসময় খালে ময়লা ফেলা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ডিএনসিসি প্রশাসক। তিনি বলেন, “ড্রেন বা খাল ময়লা ফেলার জায়গা নয়। যারা এখানে বসবাস করেন, তাদেরও দায়িত্বশীল হতে হবে। সবাই সচেতন না হলে শুধু পরিষ্কার করেই স্থায়ী সমাধান সম্ভব নয়।”

 

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নিয়মিত তদারকি ও দখলমুক্ত কার্যক্রম অব্যাহত থাকলে সাংবাদিক কলোনী খালের জলাবদ্ধতা সমস্যা দীর্ঘমেয়াদে সমাধান হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে