ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » কেন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে হত্যা করা হলো?

কেন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে হত্যা করা হলো?

সংবাদদাতা, কুমিল্লা:
কুমিল্লার আলোচিত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর (৩৫) হত্যাকাণ্ড ঘিরে শোক ও ক্ষোভে ভারি হয়ে উঠেছে পুরো এলাকা। পৈশাচিক এ হত্যার কারণ এখনো অজানা থাকায় পরিবার ও স্বজনদের পাশাপাশি নগরীর সর্বস্তরের মানুষের মধ্যে প্রশ্ন—কেন তাকে হত্যা করা হলো।
নিহতের স্ত্রী উর্মি হীরা কান্নায় ভেঙে পড়ে বারবার একই প্রশ্ন করছেন, আমার স্বামীকে কেন হত্যা করা হলো? তার তো কোনো শত্রু ছিল না। স্বামীর লাশের সামনে তিনি হাউমাউ করে কাঁদতে থাকেন। পাশে থাকা স্বজনরাও তাকে সান্ত্বনা দিতে ব্যর্থ হন। এতে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে কুমিল্লা নগর উদ্যানের পাশে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ে মরদেহ নেওয়া হলে সহকর্মীরাও কান্নায় ভেঙে পড়েন। তারা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান প্রিয় সহকর্মীকে।
খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লা নগরীর রাজগঞ্জ পানপট্টি এলাকার একটি ফ্ল্যাটে স্ত্রী ও সন্তানসহ বসবাস করতেন বুলেট বৈরাগী।সহকর্মী ও স্থানীয়দের কাছে তিনি শান্ত স্বভাবের একজন মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
স্ত্রী উর্মি হীরা জানান, তার স্বামী চট্টগ্রামে বুনিয়াদি প্রশিক্ষণে ছিলেন। নিয়মিত সপ্তাহ শেষে কুমিল্লায় ফিরতেন। ঘটনার দিন তিনি চট্টগ্রাম থেকে কাপ্তাই ঘুরে রাত ১১টার দিকে বাসে করে কুমিল্লার উদ্দেশে রওনা দেন।
তিনি আরও জানান, রাতের দিকে একাধিকবার ফোনে কথা হলেও পরবর্তীতে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। এরপরই পরিবারের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে।

আসামি গ্রেপ্তারে অভিযান চলমান বলে জানিয়েছেন র‍্যাব–১১–এর সিপিসি–২ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি বলেন, ‘এখনই আসামির সংখ্যাটা বলতে চাচ্ছি না। সংখ্যাটা বললে অপরাধীরা সতর্ক হয়ে যেতে পারে। তবে এখন এইটুকু বলতে পারি, হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত। আর চট্টগ্রাম থেকে কুমিল্লার বাসায় ফেরার পথে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার শিকার হয়েছেন।’
নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, গত রাত আটটা পর্যন্ত অন্তত তিনজনকে আটক করে হেফাজতে নিয়েছে র‍্যাব।
র‍্যাব জানায়,আজ সোমবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লা নগরের শাকতলা এলাকায় অবস্থিত র‍্যাব–১১, সিপিসি–২ কুমিল্লার কার্যালয়ে কাস্টমস কর্মকর্তা হত্যা মামলার ক্লুলেস ও চাঞ্চল্যকর ঘটনায় জড়িত আসামি গ্রেপ্তার নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। সেখানে পুরো ঘটনার বিস্তারিত ব্যাখ্যা করবেন মেজর সাদমান ইবনে আলম।

প্রসঙ্গত  শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ী এলাকার আইরিশ হিল হোটেলের পাশে বুলেট বৈরাগীর লাশ পাওয়া যায়। লাশের মুখমণ্ডলে রক্তাক্ত চিহ্ন ছিল বলে জানা গেছে।
পরিবারের ধারণা, তিনি পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ঘটনায় শনিবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন নিহতের মা নীলিমা বৈরাগী।
বুলেট বৈরাগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা সুশীল বৈরাগীর একমাত্র সন্তান। তিনি ৪১তম বিসিএস নন-ক্যাডার পদে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগে যোগ দেন এবং কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে