বিনোদন ডেস্ক:
বিতর্ক ও সমালোচনার মধ্যেই প্রকাশ পেয়েছে হাসান জাহাঙ্গীর পরিচালিত ও অভিনীত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার ট্রেলার। সম্প্রতি ট্রেলারটি প্রকাশিত হওয়ার পর থেকে সামাজিক মাধ্যমে দর্শকদের ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। আগামী ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবিটির। প্রায় পৌনে ৪ মিনিটের ট্রেলারটি দেখে নির্মাতার ফেসবুক পোস্টে মন্তব্যের ঘরে অনেকেই ট্রেলারটিকে ‘বাজে’ বলে কটাক্ষ করেন।
দর্শকদের অভিযোগ, একটি নাটককে লম্বা করে সিনেমা হিসেবে মুক্তি দেয়া হচ্ছে। একজন মন্তব্য করেন, এভাবে বাজে সিনেমা ইন্ডাস্ট্রি শেষ করে দেবে। আরেকজন লেখেন, এগুলো ইউটিউবেও চলবে না, সিনেমা হল তো দূরের কথা। এটা কোনোভাবেই সিনেমা হয় না। এটা তো আসলেই নাটক। অনেকেই অভিনেতা ওমর সানীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন। ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন হাসান জাহাঙ্গীর। এতে আরও অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী। সম্প্রতি এক ভিডিও বার্তায় ওমর সানী দাবি করেন, এটি মূলত যুক্তরাষ্ট্রে নির্মিত একটি নাটক ছিল; যা পরে সিনেমা হিসেবে মুক্তি দেয়া হচ্ছে। তাই ছবিটির মুক্তি বন্ধের আহ্বান জানাই।
মৌসুমীও অভিযোগ করেন, তাকে এক ঘণ্টার নাটকের কথা বলেই কাজ করানো হয়েছিল। পরে তিনি জানতে পারেন সেটি সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে। একই অভিযোগ তুলেছেন অভিনেত্রী জেবা জান্নাত ও অভিনেতা সিয়াম মৃধা। তবে সব অভিযোগ অস্বীকার করে হাসান জাহাঙ্গীর বলেন, মুক্তির পর দর্শক ছবিটি থেকে ইতিবাচক বার্তা পাবে।
