ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়কাল কমিয়ে আনা হবে

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়কাল কমিয়ে আনা হবে

নবপ্রকাশ ডেস্ক: দেশের বৃহৎ দুই পাবলিক পরীক্ষা এসএসসি ও এইচএসসির সময়কাল কমিয়ে আনার পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক চাপ হ্রাস এবং বিদ্যমান পরীক্ষা পদ্ধতিকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এ বিষয়ে একটি কর্মপরিকল্পনা ও ধারণাপত্র প্রস্তুত করেছে। সম্প্রতি সংস্থাটি প্রস্তাবিত পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন ও পরবর্তী নির্দেশনার জন্য পাঠিয়েছে।

জানা গেছে, বিদ্যমান শিক্ষাক্রমের আওতায় পরীক্ষার বিষয় সংখ্যা যৌক্তিকীকরণ এবং পরীক্ষা গ্রহণের কর্মদিবস উল্লেখযোগ্যভাবে কমানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে এই পরিকল্পনায়। বর্তমানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় দীর্ঘ সময় ধরে পরীক্ষা কার্যক্রম চলায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বাড়তি চাপ ও উদ্বেগ তৈরি হয়। একই সঙ্গে দীর্ঘসূত্রতার কারণে শিক্ষাবর্ষের স্বাভাবিক কার্যক্রমেও প্রভাব পড়ে। এসব বিষয় বিবেচনায় নিয়েই নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এনসিটিবি চেয়ারম্যান মো. মাহবুবুল হক পাটওয়ারী এ বিষয়ে বলেন, একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রস্তুত করে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন ও পরবর্তী নির্দেশনার জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, “মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এ বিষয়ে একটি কর্মশালা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মশালায় দেশের প্রথিতযশা শিক্ষাবিদ, কারিকুলাম বিশেষজ্ঞ, মূল্যায়ন বিশেষজ্ঞ, অভিভাবক, শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা বোর্ডের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনদের আমন্ত্রণ জানানো হবে। সেখানে আলোচনার মাধ্যমে বিভিন্ন মতামত সংগ্রহ করা হবে।”

এনসিটিবি সূত্র জানিয়েছে, কর্মশালায় প্রাপ্ত মতামত ও সুপারিশ পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষা ব্যবস্থাকে আরও বাস্তবমুখী, শিক্ষার্থীবান্ধব ও চাপমুক্ত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিক্ষাবিদদের মতে, শুধুমাত্র পরীক্ষার সময়কাল কমানো নয়, বরং মূল্যায়ন পদ্ধতিকে দক্ষতা ও সৃজনশীলতাভিত্তিক করা গেলে শিক্ষার্থীদের শেখার আগ্রহ আরও বাড়বে। একইসঙ্গে মুখস্থনির্ভরতা কমিয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নেও সহায়ক হবে এ ধরনের সংস্কার।

এদিকে, অভিভাবকদের একাংশও দীর্ঘ সময় ধরে চলা পাবলিক পরীক্ষার পরিবর্তে অপেক্ষাকৃত সংক্ষিপ্ত ও কার্যকর মূল্যায়ন পদ্ধতির পক্ষে মত দিয়েছেন। তাদের মতে, দীর্ঘ পরীক্ষাকাল শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ সৃষ্টি করে এবং কোচিংনির্ভরতা বাড়িয়ে তোলে।

সবমিলিয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়কাল কমানোর এই উদ্যোগ দেশের শিক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে