ঢাকা
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » এলজিইডিকে বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত

এলজিইডিকে বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত

নবপ্রকাশ ডেস্ক:

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পেশাগত ক্যাডারে অন্তর্ভুক্ত করার নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে এলজিইডির প্রকৌশলীদের নিয়ে পৃথক ‘বিসিএস (স্থানীয় সরকার প্রকৌশল) ক্যাডার’ গঠনের প্রস্তাব নিয়ে আজ রোববার বিকেলে সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিধি) মোস্তফা জামান। বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, সরকারি কর্ম কমিশন (পিএসসি) ও আইন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেবেন। সভায় এলজিইডিকে ক্যাডারভুক্ত করার প্রশাসনিক যৌক্তিকতা, বিদ্যমান জনবল কাঠামো, আর্থিক প্রভাবসহ বিভিন্ন দিক পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হবে। এর মাধ্যমে দীর্ঘ দুই দশক ধরে ঝুলে থাকা এলজিইডির প্রকৌশলীদের ক্যাডারভুক্তির প্রস্তাবটি আবারও আনুষ্ঠানিক গতি পেল।

এলজিইডি সূত্রে জানা যায়, ২০০৫ সালে প্রথম অধিদপ্তরটিকে পৃথক বিসিএস প্রকৌশল ক্যাডারে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়। পরবর্তীতে ২০০৬ সালে অর্থ বিভাগ এ বিষয়ে নীতিগত সম্মতি দিলেও প্রশাসনিক জটিলতায় তা আর বাস্তবায়ন হয়নি। ফলে দীর্ঘ সময় ধরে নন-ক্যাডার প্রতিষ্ঠান হিসেবেই কার্যক্রম পরিচালনা করে আসছে এলজিইডি।

সম্প্রতি প্রক্রিয়াটি নতুন করে বেগবান হয়, যখন এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন গত ১৯ জুলাই স্থানীয় সরকার বিভাগে পৃথক ক্যাডার গঠনের আনুষ্ঠানিক প্রস্তাব পাঠান। পরে স্থানীয় সরকার বিভাগ প্রস্তাবটি চূড়ান্ত পর্যালোচনার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠায়।

এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গণপূর্ত, সড়ক ও জনপথ এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীদের মতো সমপর্যায়ের দায়িত্ব ও জটিল কাজ পরিচালনা করলেও ক্যাডার কাঠামো না থাকায় এলজিইডির প্রকৌশলীরা এতদিন পেশাগত বৈষম্যের শিকার হচ্ছিলেন। নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে সংস্থাটির প্রশাসনিক দক্ষতা ও প্রকৌশলীদের পেশাগত মর্যাদা বৃদ্ধি পাবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে