ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন আর্সেনাল কোচ মিকেল আরতেতা। একই সঙ্গে ব্রাজিল উইঙ্গারকে বিক্রি করতে রিয়াল মাদ্রিদ কত টাকা দাবি করছে, সে তথ্য প্রকাশ্যে এনেছেন ট্রান্সফার ইনসাইডার গ্রাহাম বেইলি।যুক্তরাজ্যভিত্তিক স্পোর্টস মিডিয়া টিম টকের এই ট্রান্সফার ইনসাইডারের দাবি— আর্সেনাল ইতোমধ্যে ভিনিসিয়ুসের প্রতিনিধির সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে। এমনকি গ্রাহাম বেইলিকে আর্সেনাল কোচ জানিয়েছেন, ভিনিকে নিয়ে তাঁর পরিকল্পনার কথা।গ্রাহাম জানান, গানার শিবিরে এলে ভিনি তাদের খেলায় কতটা বড় প্রভাব ফেলতে পারবেন, আরতেতা সেটাই বুঝিয়েছেন তাকে। গত দুই মৌসুমের পারফরম্যান্সে আর্সেনাল প্রমাণ করেছে তারা সব শিরোপা জয়ের দাবিদার। আর রিয়াল মাদ্রিদের অন্যতম অধিনায়কের উপস্থিতি দলকে ইউরোপের সেরা ক্লাবে পরিণত করার চূড়ান্ত ধাপে নিয়ে যাবে বলে তারা বিশ্বাস করে।এই ট্রান্সফার ইনসাইডার আরও জানান, আরতেতার মাস্টারপ্ল্যান এবং নিজের সম্ভাব্য ভূমিকার বিষয়টি ভিনিসিয়ুসের কান পর্যন্ত পৌঁছেছে। তিনি জেনে গেছেন যে আর্সেনালের ২০২৬-২৭ মৌসুমের পুরো প্রজেক্টটাই তাকে কেন্দ্র করে আবর্তিত হবে।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ যোগ করেছে, চুক্তির মেয়াদ আগামী গ্রীষ্মেই শেষ হতে যাওয়া সত্ত্বেও ভিনিসিয়ুসের জন্য ১৫০ মিলিয়ন ইউরো (প্রায় ১২৮.৪ মিলিয়ন পাউন্ড) দাবি করবে রিয়াল মাদ্রিদ।
২০২৬ বিশ্বকাপের চোখধাঁধানো পারফরম্যান্স শেষে ছুটি কাটিয়ে প্রাক-মৌসুম অনুশীলনের জন্য খুব শিগগিরই রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার কথা রয়েছে ভিনিসিয়ুসের। ‘এএসের’ প্রতিবেদনে বলা হয়েছে, মাদ্রিদে পৌঁছানোর পর ভিনি প্রথমে কথা বলবেন নতুন কোচ মরিনহোর সঙ্গে, তারপর বসবেন ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের মুখোমুখি। চুক্তির মেয়াদ বাকি আর মাত্র ১১ মাস। তাই আগামী দিনগুলোতে তিনি কী চান এবং চুক্তির নবায়ন কতদূর গড়ায়, সেটাই নিশ্চিত হবে এই ‘সিদ্ধান্তের বৈঠকে’।
