নবপ্রকাশ ডেস্ক:
ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদানের অধীনে নতুন অধ্যায়ের শুরুতেই ধাক্কা খেয়েছে ফরাসি জাতীয় দল। ফ্লুর উপসর্গের কারণে মঙ্গলবার দলের সঙ্গে মাঠে অনুশীলনে অংশ নিতে পারেননি অধিনায়ক কিলিয়ান এমবাপে। অসুস্থতার কারণে রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডকে আপাতত ইনডোরেই থাকতে হয়েছে।
প্যারিসের উপকণ্ঠে ক্লেয়ারফন্টেইনে চলছে ফরাসিদের অনুশীলন ক্যাম্প। জিনেদিন জিদানের কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টকে কেন্দ্র করে বাকি সতীর্থরা নতুন কৌশল বাস্তবায়নে ব্যস্ত সময় কাটালেও ২৭ বছর বয়সী তারকা এমবাপেকে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হচ্ছে। বিশ্বকাপে অনন্য পারফর্ম করা এমবাপেই মূলত ফ্রান্সের আক্রমণভাগের প্রধান ভরসা।
সামনেই ফ্রান্সের অত্যন্ত ব্যস্ত সূচি রয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর তুরস্কের মাঠে ম্যাচ দিয়ে শুরু হবে জিদানের ফ্রান্স অভিযান। এর তিন দিন পর ২৮ সেপ্টেম্বর বেলজিয়াম, ২ অক্টোবর ঘরে মাঠে ইতালি এবং ৫ অক্টোবর আবারও বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। টানা চার ম্যাচের কঠোর সূচির আগে অধিনায়ক এমবাপের দ্রুত ফিট হয়ে ওঠা নিয়ে উদ্বিগ্ন ফরাসি মেডিকেল স্টাফরা।
