নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঝালকাঠি জেলা কমিটির আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন মাঈনুল ইসলাম মান্না। ব্যক্তিগত ও পারিবারিক কিছু সমস্যা উল্লেখ করে তিনি কেন্দ্রীয় কমিটির কাছে এ পদত্যাগপত্র পাঠান।
পদত্যাগ জমা দেয়ার তারিখ ২৩ মে উল্লেখ করা হয়েছে। তবে বিষয়টি নিজের ফেসবুকে ৩১ মে পোস্ট করেন মান্না। কেন্দ্রীয় কমিটির কাছে দেয়া পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘ব্যক্তিগত ও পারিবারিক কিছু সমস্যার কারণবশত আমি ঝালকাঠি জেলার আহ্বায়কের দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি গ্রহণ করতে ইচ্ছুক। আমি সর্বদা দলের আদর্শ ও কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম এবং ভবিষ্যতেও দলের কল্যাণ কামনা করি।’
বিষয়টির সত্যতা নিশ্চিত করে এ ব্যাপারে মাঈনুল ইসলাম মান্না বলেন, ‘একদমই বক্তিগত কারণে আমি পদত্যাগ করেছি। আমি আসলে একজন বিপ্লবী। আর বিপ্লবীদের রাজনৈতিক পদ থাকতে নেই। আমি এনসিপিকে ঝালকাঠিতে একটি শক্তিশালী অবস্থানে আনতে চেয়েছি এবং সেটা সফল হয়েছি। এখন আর আমার দলীয় পদে থাকার প্রয়োজন নেই। আমরা দল থেকে এমপি পেয়েছি, এ জেলায় দলের একটি শক্তিশালী সাংগঠনিক অবস্থানও তৈরি হয়েছে। তাই এখন আমি ছুটি চাচ্ছি।’
কোনো প্রকার রাজনৈতিক চাপ, আন্তদ্বন্দ্ব কিংবা মান অভিমান রয়েছে কিনা জানতে চাইলে মান্না বলেন, ‘সেরকম কোনো বিষয় নেই, রাজনীতিক পদ-পদবীমুক্ত থাকতেই এমন সিদ্ধান্ত নিয়েছি।’
