নিজস্ব প্রতিবেদকঃ ঈদুল আজহার ছুটি শেষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন কর্মস্থলে ফিরতে শুরু করেছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। এর ফলে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। তবে বাড়তি চাপ থাকলেও এখন পর্যন্ত পারাপারে বড় ধরনের কোনো ভোগান্তির খবর পাওয়া যায়নি।
সোমবার (০১ জুন) সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে বাস, মাইক্রোবাস, মাহিন্দ্র ও মোটরসাইকেলে যাত্রীরা দৌলতদিয়া ঘাটে এসে ফেরি ও লঞ্চযোগে পদ্মা নদী পার হচ্ছেন। অনেক পরিবহন সরাসরি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রেখেছে।
সরেজমিনে দেখা গেছে, ঘাট এলাকায় যানবাহনের সংখ্যা বেড়েছে, বিশেষ করে মোটরসাইকেল ও মাইক্রোবাসের উপস্থিতি ছিল বেশি। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের কারণে সকাল থেকেই ঘাট এলাকায় ছিল ব্যস্ততা।
ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ-পরবর্তী যাত্রীচাপ সামাল দিতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি বাসের যাত্রীদের নামিয়ে ফাঁকা বাস ফেরিতে তোলা হচ্ছে। পাশাপাশি নৌপুলিশ, ফায়ার সার্ভিস, আনসারসহ বিভিন্ন সংস্থা নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ছুটি শেষে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে বর্তমানে ১৫টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করায় পারাপার স্বাভাবিক রয়েছে।
