ঢাকা
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ইশরাকের পদত্যাগপত্র প্রস্তুত, যেকোনো সময় জমা

ইশরাকের পদত্যাগপত্র প্রস্তুত, যেকোনো সময় জমা

নবপ্রকাশ ডেস্ক:

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণার আগেই প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইশরাক হোসেন। এরপর সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নিজের পদত্যাগের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবেন।

প্রতিমন্ত্রী ইশরাকের ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, ইশরাক হোসেনের পদত্যাগপত্র ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। তিনি দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন। এরপর জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তিনি।

এর আগে সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পদত্যাগের আভাস দিয়ে ইশরাক লেখেন, “আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।”

সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশের প্রতি আক্ষেপ প্রকাশ করে তিনি আরও লেখেন, “ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।”

প্রতিমন্ত্রীর পদ ছাড়লেও মাদকের বিরুদ্ধে তার অবস্থান অপরিবর্তিত থাকবে উল্লেখ করে তিনি লেখেন, “এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ। পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার হবে। দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করতে পারব। মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!”

ঘটনার সূত্রপাত ঘটে গত শনিবার (১৭ অক্টোবর)। সেদিন ইশরাক হোসেন তার নিজ সংসদীয় আসন ঢাকা-৬-এর আওতাধীন গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইন সংলগ্ন একটি বস্তিতে মাদকের আস্তানায় আকস্মিক অভিযান চালান। অভিযানে মাদক কারবারে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তবে ওই অভিযানের সময় তার অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে বিতর্ক ও আলোচনার সৃষ্টি হয়।

বিতর্কের জের ধরে রোববার রাতে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বিটিভিসহ বিভিন্ন সংবাদমাধ্যমে খবর ছড়ায় যে, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। তবে সে সময় বিষটি অনানুষ্ঠানিক ছিল এবং সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এ বিষয়ে যোগাযোগ করা হলে ইশরাক হোসেন তখন এই খবরকে ‘গুজব’ বলে দাবি করে বলেছিলেন, “শত শত ফোন আসছে, গুজবে কান না দেওয়ার অনুরোধ জানাচ্ছি।”

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সোমবার দুপুরে পদত্যাগপত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানাতে যাচ্ছেন তিনি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে