নবপ্রকাশ ডেস্ক:
ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে শান্তি আলোচনার জন্য দফায় দফায় চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছে মধ্যস্থতাকারী পাকিস্তান। সর্বশেষ ইরানের দেয়া জবাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরানের শর্তগুলো ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে সংক্ষিপ্ত এক পোস্টে ট্রাম্প লিখেছেন, তিনি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করছেন। তিনি বলেন, আমি ইরানের তথাকথিত প্রতিনিধিদের জবাব পড়েছি। আমার এটা পছন্দ হয়নি- সম্পূর্ণ অগ্রহণযোগ্য!
এনিয়ে ইরানের এপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোস্তফা খোশচেশম বলেছেন, তেহরান মনে করে যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে আন্তরিক নয় এবং যুদ্ধ পুনরায় শুরু করার প্রস্তুতি হিসেবে শুধু সময়ক্ষেপণ করছে।
আল জাজিরাকে এই বিশ্লেষক বলেন, ওয়াশিংটনের দাবিগুলো এতটাই অবাস্তব যে তারা আলোচনা থেকে এমন কিছু অর্জন করতে চায় যা তারা যুদ্ধে পারেনি।
তিনি দাবি করেছেন যে, তেহরানের ওপর ফের সংঘাত চাপিয়ে দিলে ইরান যুদ্ধে ফিরতে প্রস্তুত।
এদিকে ইরানের বিভিন্ন পত্রিকার প্রথম পাতায় সোমবার (১১ মে) দেশটির ফের যুদ্ধে ফেরার প্রস্তুতি নিয়ে সংবাদ প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ইসলামী প্রজাতন্ত্র যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধ পুনরায় শুরু হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।
সংবাদ মাধ্যমগুলোর শিরোনামেগুলোতে ইরানের সামরিক প্রস্তুতি, যুদ্ধ পুনরায় শুরু হলে ওয়াশিংটনকে চড়া মূল্য দিতে হবে এমন সতর্কবার্তা এবং চাপের মুখে ইরান আত্মসমর্পণ করবে না- এমন বিষয়গুলোই প্রাধান্য পেয়েছে।
