ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ইনফান্তিনোর পক্ষে ট্রাম্প, ফিফাকে দিলেন সতর্কবার্তা

ইনফান্তিনোর পক্ষে ট্রাম্প, ফিফাকে দিলেন সতর্কবার্তা

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার বিতর্কিত পরিকল্পনা নিয়ে ব্যাপক চাপের মুখে পড়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা সভাপতির চেয়ার যখন নড়বড়ে তখন তার পাশে দাঁড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইনফান্তিনোকে সরালে ভয়াবহ ভুল হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

আজ নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ফিফা যদি সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সরিয়ে দেওয়ার কথা বিবেচনা করে, তাহলে তারা একটি ভয়াবহ ভুল করবে।’

ইনফান্তিনোর প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘সে (ইনফান্তিনো) দারুণ একজন মানুষ। মাত্রই এমন একটি বিশ্বকাপ সফলভাবে পরিচালনা করেছেন, যা অতীতের যেকোনো আসরের চেয়ে চারগুণ বেশি সফল। তিনি চলে গেলে এই টুর্নামেন্ট আর কখনোই এত সফল বা লাভজনক হবে না!’ইনফান্তিনোর বিরুদ্ধে চাপ বাড়ার মধ্যেই ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল নিয়ন্ত্রক কনকাকাফ নিজেদের মধ্যে আলাদা প্রতিযোগিতা আয়োজনের সম্ভাবনা নিয়ে প্রাথমিক আলোচনা করেছে।

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতারণা ও আস্থার সংকট তৈরি করার অভিযোগ তুলেছে এই তিন কনফেডারেশন। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে— ইউয়েফা, এএফসি ও কনকাকাফ ইনফান্তিনোকে সম্মানের সঙ্গে পদত্যাগ করার এবং আগামী মার্চের নির্বাচনে পুনর্নির্বাচনের জন্য প্রার্থী না হওয়ার সুযোগ দিতে চায়। একই সঙ্গে চলমান সংকটের প্রভাব থেকে নিজেদের সংগঠন ও প্রতিযোগিতাগুলোকে সুরক্ষিত রাখার পথও খুঁজছে তারা।

ইনফান্তিনো এরই মধ্যে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) গঠনের প্রস্তাব নিয়ে ক্ষমা চেয়েছেন। এই কোম্পানির মাধ্যমে ফিফার বিভিন্ন টুর্নামেন্টের বাণিজ্যিক ও পরিচালনাগত কার্যক্রম পরিচালনার পরিকল্পনা ছিল। প্রস্তাবটির সবচেয়ে বিতর্কিত অংশ ছিল এফএফইর প্রায় ২০ শতাংশ অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা।তবে প্রবল বিরোধিতার মুখে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল করা হয়।

ইউয়েফা, এএফসি ও কনকাকাফের প্রধানরা যৌথভাবে একটি খোলা চিঠিতে ফিফাকে ইনফান্তিনোর পরিকল্পনা নিয়ে স্বাধীন তদন্ত করার আহ্বান জানিয়েছেন। চিঠিতে অবশ্য সরাসরি ইনফান্তিনোর নাম উল্লেখ করা হয়নি।

চিঠিতে বলা হয়েছে, ‘ফুটবলে নেতৃত্ব কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি ক্ষমতা ধরে রাখার বা ক্ষমতা দাবি করার বিষয়ও নয়। এটি সেই ফুটবল পরিবারের প্রতি সেবার দায়িত্ব, যারা একজন নেতার ওপর আস্থা রেখে তাকে দায়িত্ব অর্পন করেছে।’

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে