ঢাকা
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » আটকের ২৪ ঘণ্টা পর মুক্ত ৩ নেতা

আটকের ২৪ ঘণ্টা পর মুক্ত ৩ নেতা

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলের অপর দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস প্রায় ২৪ ঘণ্টা পুলিশি হেফাজতে আটক থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন।

রোববার (১১ অক্টোবর ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তাঁদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে সিজেপি। প্রকাশিত ওই পোস্টে ককরোচ জনতা পার্টি লিখেছে, “অবশেষে দিল্লি পুলিশ অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে মুক্তি দিতে বাধ্য হয়েছে। তেলাপোকা কখনো মরে না।”

এর আগে আজ সকাল ৯টা ৫৫ মিনিটে প্রচারিত খবরে জানা যায়, বিমানে বিএসএফ ও পুলিশের বিশেষ দল কর্তৃক আটক হওয়া সিজেপির এই তিন শীর্ষ নেতাকে সকালে দিল্লি ক্যান্টনমেন্ট থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়েছিল।

উল্লেখ্য, শনিবার সকালে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আয়োজিত ‘দিল্লি চলো’ বিক্ষোভে যোগ দিতে মুম্বাই থেকে বিমানে চেপে দিল্লিতে পৌঁছানোর পরই রানওয়েতে ট্রাম্যাকের ভেতরে বিমানের ভেতর থেকেই আটক করা হয়েছিল ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-কে। দিল্লিতে বিমানটি অবতরণ করার সাথে সাথেই দিল্লি পুলিশের একটি দল সোজা বিমানে উঠে অভিজিৎ এবং তাঁর সঙ্গে থাকা সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে।

বিমানের ভেতর পুলিশি অভিযানের সময় অভিজিৎ দীপকে ইনস্টাগ্রাম লাইভ শুরু করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরালে রূপ নেয়। ভিডিওতে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাকবিতণ্ডা হতে দেখা যায়। তাঁরা বিমান থেকে সাধারণ যাত্রীদের মতো নেমে আসা পর্যন্ত পুলিশ কেন অপেক্ষা করেনি—তা নিয়ে তীব্র প্রতিবাদ জানান সিজেপি নেতারা।

লাইভ ভিডিওতে অভিজিৎ দীপকেকে উপস্থিত নারী পুলিশ সদস্যদের উদ্দেশে জোরালো গলায় বলতে শোনা যায়, “আপনারা আমাদের স্বাভাবিকভাবে বের হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারতেন। গ্রেপ্তার করুন, আমরা লড়াই ছেড়ে পালাব না বা ভয় পাই না।”

পরবর্তীতে প্রায় ২৪ ঘণ্টা আটকে রাখার পর জনদাবি ও আইনি প্রক্রিয়ার মুখে তাঁদের ছেড়ে দিতে বাধ্য হয় দিল্লি পুলিশ। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার অনিয়ম ও প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে তাঁদের এই আন্দোলন সারা ভারতের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে