বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী ও নিরাপত্তা বাহিনীগুলোর ওপর কঠোর নজরদারির জন্য একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ার তাগিদ দিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক হিউম্যান রাইটস কাউন্সিলের অধিবেশনে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে দেওয়া হালনাগাদ বক্তব্যে এই আহ্বান জানান।
ভলকার তুর্ক বলেন, “বাংলাদেশে নিরাপত্তা বাহিনীগুলোর নজরদারির জন্য আমরা দীর্ঘদিন ধরেই একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠানের আহ্বান জানিয়ে আসছি। আইন প্রয়োগ ও নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে সামরিক ভাবধারা বা মনোভাব পরিবর্তনের লক্ষ্যে আমরা বিভিন্ন দেশের সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি।”
জাতীয় নিরাপত্তার অজুহাতে গৃহীত পদক্ষেপগুলো নিয়ে অনেক দেশই অস্বস্তিতে থাকে উল্লেখ করে মানবাধিকার হাইকমিশনার আরও বলেন, “এই ধরনের পুরোনো ও দমনমূলক পদ্ধতি শেষ পর্যন্ত সরকারের জন্য গলায় ঝুলে থাকা বড় বোঝা হয়ে দাঁড়ায়।”
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর ভলকার তুর্ক বাংলাদেশ সফর করেছিলেন। সে সময় তিনি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে প্রাতিষ্ঠানিক সংস্কার, মানবাধিকার সুরক্ষা এবং অতীত দমন-পীড়নের বিচার নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
