নিজস্ব প্রতিবেদক,সিলেট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি অসুস্থ প্রবীণ জামায়াত নেতা ও জকিগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর মাস্টার আব্দুল খালেককে দেখতে তাঁর বাসভবনে গেছেন। সোমবার (২ জুন) সকালে তিনি সিলেটে গিয়ে মাস্টার আব্দুল খালেকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
সাক্ষাৎকালে ডা. শফিকুর রহমান অসুস্থ এই প্রবীণ নেতার সর্বশেষ শারীরিক অবস্থা, চলমান চিকিৎসা ও চিকিৎসকদের পরামর্শ সম্পর্কে বিস্তারিত জানতে চান। তিনি মাস্টার আব্দুল খালেকের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত ও পরিপূর্ণ আরোগ্য কামনা করে দোয়া করেন।
জামায়াত সূত্রে জানা যায়, মাস্টার আব্দুল খালেক দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি জকিগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি সংগঠনের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তিনি সিলেট মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারি এবং বর্তমানে লন্ডনপ্রবাসী জামায়াত নেতা সিরাজুল ইসলাম শাহীনের পিতা।
এ সময় ডা. শফিকুর রহমান মাস্টার আব্দুল খালেকের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করেন। পাশাপাশি দেশবাসীর কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।
সফরকালে জামায়াত আমীরের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান এবং সিলেট মহানগরী সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান আলী। এছাড়া স্থানীয় পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ মাস্টার আব্দুল খালেকের সার্বিক সুস্থতা ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। পরিবারের সদস্যরা এ সময় তাঁর জন্য দোয়া চাওয়ার পাশাপাশি সবার কাছে সুস্থতার জন্য সহযোগিতা ও শুভকামনা কামনা করেন।
